যুবলীগের নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রিয়াজুলের পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাঁরা এ আকুতি জানান।
গত বছরের ২৯ জুলাই রাতে রাজধানীর একটি বিপণিকেন্দ্রের সামনে গুলি করে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুলকে হত্যা করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটির এজাহারভুক্ত ও সন্দেহভাজন ২২ আসামির মধ্যে ১৪ জনই আছেন জামিনে।
সংবাদ সম্মেলনে রিয়াজুলের স্ত্রী ফারহানা খানম বলেন, ‘এতিম দুই সন্তান ও বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আপনাদের মাধ্যমে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
ফারহানা আরও বলেন, ‘আমার স্বামী বলতেন, আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু, ওয়াহিদুল আলম আরিফসহ কয়েকজন কিলার তারেককে দিয়ে তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করছে। আজ সেই আশঙ্কাই সত্যি হয়েছে।’
ফারহানা বলেন, ‘র্যাব-১ জাহিদুল, ওয়াহিদুলসহ অনেকের নাম বাদ দিয়ে অজানা কারণে মনগড়া অভিযোগপত্র আদালতে দাখিল করেছে। ঘটনার বেশ কিছুদিন পর রিয়াজের মুঠোফোনটি দেওয়া হলেও র্যাব-১ তা অস্বীকার করছে। র্যাব আলামত নষ্ট করেছে। এ কারণে আমরা নারাজি আবেদন করলে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। তবে অনেক আসামি জামিন নিয়ে পালিয়ে যাচ্ছে।’
অবশ্য জাহিদুলসহ কয়েকজন আসামি হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছেন। রিয়াজুলের মুঠোফোনের বিষয়ে জানতে চাইলে র্যাব-১-এর সাবেক অধিনায়ক কিসমত হায়াত সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘রিয়াজুলের কোনো মুঠোফোন আমাদের দেওয়া হয়নি।’