সোমালীয় জলদস্যুদের হাতে আটক সাত বাংলাদেশি নাবিককে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নাবিকদের স্বজনেরা। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আটক দুই নাবিকের মা-বাবা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আটক নাবিক আমিনুল ইসলামের বাবা মো. নুরুল ইসলাম। নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোমালীয় জলদস্যুরা আটক সাত বাংলাদেশি নাবিকের মুক্তির জন্য সাত লাখ ডলার মুক্তিপণ দাবি করেছে। গত বৃহস্পতিবার ভোরে আমিনুল মুঠোফোনে আমার সঙ্গে কথা বলেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে টাকা না দিলে নাবিকদের হত্যার হুমকি দিয়েছে জলদস্যুরা।’আমিনুল ইসলামের মা সুরমা আক্তার সংবাদ সম্মেলনে বলেন, ‘গত বৃহস্পতিবার প্রায় ১০ মিনিট ফোনে কথা হয়। দিনের বেশির ভাগ সময় আমার ছেলেসহ সাতজনকে হাত-পা বেঁধে জঙ্গলে ফেলে রাখা হয়। দিনে দুটি রুটি ও এক লিটার করে পানি দেওয়া হয়। তাদের শারীরিকভাবেও নির্যাতন করে জলদস্যুরা।’সংবাদ সম্মেলনে আরেক নাবিক জাকির হোসেনের বাবা আবুল কালাম ও মা মাজেদা বেগম উপস্থিত ছিলেন। জলদস্যুদের হাতে আটক আমিনুল ও জাকিরের পরিবার চট্টগ্রামের বাসিন্দা। আটক অন্য পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন সাতক্ষীরার গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, আবুল কাশেম, নুরুল হক ও চাঁদপুরের লিমন সরকার। নুরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার মুঠোফোনে ছেলের সঙ্গে কথা হওয়ার পর মুক্তিপণের বিষয়টি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছি। তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা চাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের সন্তান ফিরে আসুক।’উল্লেখ্য, ২০১০ সালের ৩১ জুলাই অপহূত সাত বাংলাদেশি নাবিক এমভি আল বেদো নামের একটি জাহাজে কাজে যোগ দেন। চট্টগ্রামের এভারশিয়ার মেরিন সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁরা ওই জাহাজের কাজ নেন।