বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) মেডিকেল ফ্যাকাল্টির চলমান অচলাবস্থা নিরসনে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন অভিভাবকেরা। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘অভিভাবক ফোরাম’-এর সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। অভিভাবকেরা এই পরিস্থিতির জন্য ইউএসটিসির একগুঁয়েমিকে দায়ী করেন।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে ইউএসটিসির এমবিবিএস কোর্সের ২৫ থেকে ২৯তম ব্যাচের শিক্ষার্থীরা তিন মাস আন্দোলন চালিয়ে আসছেন। এতেও কোনো সুরাহা না হওয়ায় এই ফোরাম গঠন করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সদস্যসচিব চিকিৎসক রশীদ আহমেদ। এ সময় ফোরামের আহ্বায়ক সাবেক যুগ্ম সচিব এম এ ওয়াহহাব, সদস্য সাইফ উদ্দিন মাহমুদ কাতেবী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, কর্তৃপক্ষের একগুঁয়েমির কারণে ইউএসটিসির প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী আজ অনিশ্চয়তায় ভুগছেন। এর মধ্যে সাড়ে চার শ বিদেশি শিক্ষার্থীও রয়েছেন।
এতে আরও বলা হয়, ‘শিক্ষার্থীরা তিন মাসের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির ক্লাস, হাসপাতাল সব বন্ধ। সবাই আশা করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় যে ১০ কোটি টাকা জরিমানা ধার্য করেছে, তা পরিশোধ করে অচলাবস্থা নিরসন করবে কর্তৃপক্ষ। মেনে নেবে মন্ত্রণালয়ের দেওয়া নানা শর্ত। কিন্তু এক মাস পার হওয়ার পরও তারা টাকা জমা না দিয়ে প্রধানমন্ত্রী বরাবর পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছে। এটা কালক্ষেপণ।’ অভিভাবকেরা জানতে চান, ‘জরিমানা ধার্য করার পরপরই কেন প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করা হয়নি?’
অভিভাবক ফোরাম জানায়, ‘আমরা মনে করি এ বিষয়ে ইউএসটিসি কর্তৃপক্ষ কাণ্ডজ্ঞানহীন আচরণ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। অবিলম্বে অচলাবস্থা নিরসন করা হোক। ’
এসব অভিযোগের ব্যাপারে ইউএসটিসির রেজিস্ট্রার বদরুল আমিন ভূঁইয়া গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘জরিমানার একটা অংশ আমরা জমা দিয়েছি, এর পরিমাণ তিন কোটি টাকা। একটা মুচলেকাও দিয়েছি। এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। অভিভাবকেরা বলছেন জরিমানার টাকা আগে জমা দিলে অচলাবস্থা কেটে যেত, এটা সত্য। কিন্তু আমাদের কর্তৃপক্ষ জরিমানার অঙ্কটা কমাতে চেয়েছিল। ’
উল্লেখ্য, বিএমডিসির নিবন্ধনের দাবিতে ইউএসটিসির এমবিবিএস কোর্সের শিক্ষার্থীরা জানুয়ারি থেকে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে তাঁরা হাসপাতাল এবং একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেন। এই অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২২ ফেব্রুয়ারি অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অপরাধে ইউএসটিসিকে ১০ কোটি টাকা জরিমানা করে। জরিমানার টাকা পরিশোধ করে নিবন্ধন করতে বলা হয়। কিন্তু জরিমানা না দিয়ে ইউএসটিসি কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর দপ্তরে নতুন করে আবেদন করে।