প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় প্রাথমিক প্যানেল শিক্ষক ঐক্য পরিষদ
আদালতের রায় মেনে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্যানেলভুক্তদের সহকারী শিক্ষক হিসেবে দ্রুত নিয়োগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছে প্যানেলভুক্ত প্রার্থীদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক প্যানেল শিক্ষক ঐক্য পরিষদ। আগামী ২৪ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, তাঁরা আন্দোলনে বিশ্বাসী নন, আলোচনায় বিশ্বাসী। কিন্তু দাবি পূরণ না হলে নিরুপায় হয়ে অবস্থান কর্মসূচি করতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১২ সালে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে উত্তীর্ণ হওয়া ৪২ হাজার ৬১১ জনকে নিয়োগের জন্য একটি তালিকা (প্যানেল) করা হয়। এঁদের মধ্যে ১৪ হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। বাকি ২৮ হাজার ৬১১ জন নিয়োগবঞ্চিত। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের রায় তাঁদের পক্ষে যাওয়ার কথা তুলে ধরে বলা হয়, আদালতের রায় বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে তাঁরা হতাশ হয়ে পড়েছেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক প্যানেল শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি রবিউল ইসলামসহ আরও কয়েকজন বক্তব্য দেন।