প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে বিয়ে
অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কলেজছাত্রী আছমা আক্তারের (২২) বিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার নরসিংদী নোটারি পাবলিক কার্যালয়ে সদর উপজেলার কোতালিরচর এলাকার আলমগীর মুন্সির (৪২) সঙ্গে তাঁর বিয়ে হয়। আছমা একই গ্রামের মৃত হাছেন আলীর মেয়ে ও নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের (সম্মান) শিক্ষার্থী।
এলাকাবাসীর অনেকে জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আলমগীর আছমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাঁকে বিয়ে করা সম্ভব নয় বলে জানিয়ে দেন আলমগীর। পরে কলেজছাত্রী এলাকাবাসী ও পুলিশের সহযোগিতা চেয়েও ব্যর্থ হন। কিন্তু আত্মপ্রত্যয়ী আছমা বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনতে ছুটে যান গণভবনে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি সমাধানের জন্য তাঁর ব্যক্তিগত সহকারী-২ সাইফুজ্জামান শিখরকে নির্দেশ দেন। পরে তিনি নরসিংদী পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে সদর মডেল থানার পুলিশ আছমাকে দিয়ে আলমগীরের বিরুদ্ধে গত ১১ আগস্ট মামলা করায়। মামলার পরই পুলিশ মাধবদী বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আলমগীরকে গ্রেপ্তার করে। পরদিন তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাঁর অসুস্থতার কারণ বিবেচনা করে কারাফটকে সতর্কতার সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। কারাগারে থাকা অবস্থায় আলমগীর তাঁর ভুল বুঝতে পেরে আছমাকে বিয়ের প্রস্তাব দেন। এরই সূত্র ধরে গত ২৮ আগস্ট আছমা কারাফটকে আলমগীরের সঙ্গে দেখা করে বিয়ের ব্যাপারে একমত হন। গত রোববার বিষয়টি মীমাংসা হয়েছে—মর্মে আবেদন জানালে আদালত আলমগীরকে জামিন দেন। গতকাল উভয় পক্ষের পরিবারের লোকজনের উপস্থিতিতে নোটারি পাবলিকের মাধ্যমে তাঁদের বিয়ে হয়।