প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নীল দলের একটি প্যানেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সরকার-সমর্থক হিসেবে পরিচিত নীল দলের দুই প্যানেলের একটি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রথমে আইনি পদক্ষেপের ঘোষণা দিলেও পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পিছুটান দেন প্রার্থিতা বাতিল হওয়া শিক্ষকেরা। ফলে ২২ মের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের বিরুদ্ধে নীল দলের একটি প্যানেলই প্রতিদ্বন্দ্বিতা করবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত ৬৯ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে নীল দলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীনের প্যানেলের ৩৪ জন ও বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের ৩৫ জনের নাম রয়েছে। চূড়ান্ত তালিকায় নীল দলের অপর একটি প্যানেলের (যার নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল) কারও নাম নেই।
জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক কামাল উদ্দীন তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নীল দলের আহ্বায়কের প্যানেলের শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া তাঁদের কেউই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেননি। তাঁদেরকে নীল কাগজ ছাড়া অন্য কোনো রঙের কাগজ ব্যবহার করতে বলা হয়েছিল। সেটাও তাঁরা করেননি। সব বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন ও শিক্ষার পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত রোববার নীল দলের আহ্বায়কের প্যানেলের শিক্ষকেরা তাঁদের প্যানেলের বাইরে যাঁরা নীল কাগজ ব্যবহার করছেন, তাঁদের নীল কাগজ ব্যবহারে বিরত রাখতে নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন জানান। ওই দিন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। অনেক শিক্ষক আশা করছিলেন, সমঝোতা হয়ে গেলে দুটি পক্ষের কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। কিন্তু তা হয়নি।
মঙ্গলবার নিজেদের প্রার্থিতা বাতিলের খবর পাওয়ার পর নীল দলের এই অংশটি প্রথমে আইনি পদক্ষেপ ও বিভিন্ন ধরনের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়। তাঁরা বলেন, এটি অবৈধ, অনৈতিক ও নির্বাচনী আচরণের সঙ্গে সামঞ্জস্যহীন। কিন্তু এর কিছুক্ষণ পরই তাঁদের ডাক পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাতিল প্যানেলের ১৪ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
বৈঠকে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টা আলোচনা হয়। উপাচার্যও বিভিন্ন বিষয়ে তাঁর যুক্তি ও মন্তব্য তুলে ধরেন। পরে তিনি শিক্ষকদের নিজেদের মধ্যে আর কোনো দ্বন্দ্বে বা কলহে লিপ্ত না হতে নির্দেশ দেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের শিক্ষকদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের নিয়ে বৈঠক করেছেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমাদের জন্য একটা সুখবর।’
প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে নেওয়ার কথা বলে বাতিল হওয়া প্যানেলের অন্যতম নেতা অধ্যাপক মুহাম্মদ সামাদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের অভিভাবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দলের স্বার্থে আমরা এক হয়ে নির্বাচন করছি।’