প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়ে আনন্দে উদ্বেল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজ বিদ্যালয়ের সাফল্যে গতকাল বৃহস্পতিবার আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৪ নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা।
ওই ক্রীড়া প্রতিযোগিতায় রিলে দৌড়ে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করা চার শিক্ষার্থী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়ে গতকাল বিদ্যালয়ে এলে পুরো শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দে মেতে ওঠে।
বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, বিজয়ী চার শিক্ষার্থী প্রধানমন্ত্রীর দেওয়া পদক গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা সেই পদক ছুঁয়ে আর বিজয়ীদের আলিঙ্গন করে আনন্দ প্রকাশ করছে। চার শিক্ষার্থী জানায়, তারা টেলিভিশনে প্রধানমন্ত্রীকে দেখেছে। কিন্তু তাঁকে সামনাসামনি দেখা ও তাঁর হাত থেকে পদক নেওয়া ছিল একেবারেই অন্য রকম এক অনুভূতি।
জাতীয় প্রাথমিক শিক্ষা দিবস উপলক্ষে ২০১৪ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে জাতীয় পর্যায়ের আন্তবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতে রিলে দৌড়ে প্রথম স্থান অধিকার করে ১৪ নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দৌড়ে অংশ নেওয়া পঞ্চম শ্রেণির মো. রিয়াদ, হুমায়ুন কবির, মাজহারুল ইসলাম ও চতুর্থ শ্রেণির দুলাল মিয়া গত বুধবার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ শেষে গতকাল বিদ্যালয়ে আসে।
জানতে চাইলে চারজন প্রতিযোগী বলে, জীবনেও তারা ঢাকায় যায়নি। সেই বিশাল মাঠে দৌড় শুরুর পর প্রথম প্রতিযোগী মাজহারুল হোঁচট খায়। তাতে সে কিছুটা পিছিয়ে পড়লে সহযোগী হুমায়ুন রিলের কাঠি হাতে পেয়ে কিছুটা পেছন থেকেই দৌড় শুরু করতে বাধ্য হয়। শেষে চার প্রতিযোগীর সম্মিলিত চেষ্টায় তারাই প্রথম স্থান অধিকার করে।
প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের বসার বেঞ্চ নেই। একটি ভবন অনেক আগে থেকেই পরিত্যক্ত। তার পরও শিশু শিক্ষার্থীদের ভালো করার আগ্রহ প্রচণ্ড। তিনি আশা করেন, ক্রীড়াক্ষেত্রে জাতীয় পর্যায়ে শিশুদের এ সাফল্য বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণে ভূমিকা রাখবে।