প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং করতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়ক কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ১০টি উদ্যোগ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে গতকাল এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রাম।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, চট্টগ্রামের সিভিল সার্জন মো. আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণ ও সমৃদ্ধির জন্য ১০টি বিশেষ উদ্যোগ নিয়েছেন। আমি এর ব্র্যান্ডিং করতে চাই। আপনারা প্রধানমন্ত্রীর এই ১০টি উদ্যোগের বিষয়ে লেখেন, জনগণের কাছে পৌঁছে দেন, এটাই আমার আবেদন।’
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, দুর্নীতির কারণে অনেক উদ্যোগ জলে যায়। দুর্নীতি থামাতে প্রধানমন্ত্রী দেশকে ডিজিটালের আওতায় এনেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুতে আগে ম্যানুয়েল (গতানুগতিক) পদ্ধতিতে টোল আদায় হতো। টোলের হার ছিল ৯৮ লাখ বা ১ কোটি টাকা। এখন ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় হচ্ছে। চুরি করার কোনো পথ নেই। তাই প্রতিদিন ১ কোটি ২২ লাখ, ১ কোটি ৪৩ লাখ আবার দেড় কোটি টাকাও টোল আদায় হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর অবদান।
কামরুন নাহার সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধ হিসেবে সংবাদকর্মীদের কাজ করার অনুরোধ জানান। তিনি বলেন, তথ্য যত বেশি জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে ততই জনগণ সচেতন হবে। সরকারের সঙ্গে এই অংশীদারত্ব বাড়াতে সাংবাদিকেরাই মূল ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকদের ওয়াচ ডগের ভূমিকা পালন করতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা জনগণের হয়ে কথা বলুন। আমাদের প্রশংসা করুন তা চাই না। আমাদের কাজের মধ্যে কী বাকি রয়ে গেছে, কী করা হয়নি—এসব সমস্যা তুলে ধরুন। এতে আমাদের সমস্যার সমাধান করতে সুবিধা হবে।’ চট্টগ্রামে সবকিছু অনলাইনের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।