প্রধানমন্ত্রীর ৬৬তম জন্মদিন উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতিচারণা, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দরিদ্র ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণসহ নানা আয়োজনে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৬তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল বঙ্গভবনে শিশুদের সঙ্গে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। সারা দেশে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। ছাত্রলীগ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শিল্পকলা একাডেমীতে আয়োজন করে আলোচনা সভা। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাংসদ তারানা হালিম প্রমুখ। আলোচনা সভা করে কৃষক লীগ ও বাংলাদেশ শিশু কল্যাণ সংস্থা। স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। মহিলা আওয়ামী লীগ কাল রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে। জাতীয় চার নেতা স্মৃতিরক্ষা পরিষদ সেগুনবাগিচায় খাজা নিজামউদ্দিন মিলনায়তনে আয়োজন করেছে আলোচনা সভা। বঙ্গভবনে শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে শিশু-কিশোরদের সঙ্গে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন এবং দেশের অব্যাহত শান্তি-সমৃদ্ধি ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন। বঙ্গভবনে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা এ অনুষ্ঠানের আয়োজন করে। শিশুরা সেখানে বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়। এ সময় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন থেকে শিক্ষা নিয়ে তাদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ ছাড়া শেখ হাসিনার ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে শিশুদের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।