সালাহ উদ্দিন আহমদ: নিখোঁজ হওয়ার ১০ দিন: প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সালাহ উদ্দিনের স্ত্রীর
প্রধানমন্ত্রীর 'বিশেষ নির্দেশনা' কামনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে স্বামী নিখোঁজ হওয়ার কষ্ট ও নিজের কথা সরাসরি বলতে চান বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ। তিনি স্বামীকে খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও বিশেষ নির্দেশনা কামনা করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর বরাবর দেওয়া স্মারকলিপিতে হাসিনা আহমদ এসব কথা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর ফটকের স্মারকলিপি গ্রহণের নিয়মিত শাখায় হাসিনা আহমদ এটি জমা দেন। কার্যালয়ের অফিস সহকারী আবদুল হামিদ স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় সেখানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসিনা আহমদ বলেন, ‘আশা করি, শত ব্যস্ততার মাঝেও মহানুভবতার সাথে আমাকে সাক্ষাতের জন্য আপনার মূল্যবান সময় প্রদান করে, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন।’
এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম গতকাল রাতে বিবিসিকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি যখন আবেদন করেছেন, প্রধানমন্ত্রী নিশ্চয়ই নির্দেশ দেবেন (আইনশৃঙ্খলা বাহিনীকে), দেখ, তোমরা খুঁজে বের করতে পার কি না।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসিনা আহমদ আরও বলেন, ‘আপনার কাছে আকুল আবেদন, আমার পরিবার, আমার সন্তানদের কথা বিবেচনা করে, প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে আমাদের আইনি ও সাংবিধানিক অধিকার রক্ষার নিমিত্তে ও সর্বোপরি মানবিক কারণে, আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ, বিশেষ নির্দেশনা ও সহায়তা প্রার্থনা করছি।’ তিনি বলেন, ‘আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন বা তাঁর বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাহলে তাঁকে অবিলম্বে আদালতে সোপর্দ করে আইনি প্রক্রিয়ায় যথাযথ বিচার কার্যক্রম গ্রহণ করা হোক।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কোনো মহল থেকে খবর না পেয়ে তিনি প্রধানমন্ত্রীকে এ স্মারকলিপি দিয়েছেন বলে উল্লেখ করেন।
স্মারকলিপি জমা দিয়ে হাসিনা আহমদ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী একজন নারী। স্বামীকে খুঁজে না পাওয়ার কী বেদনা, আশা করি তিনি সেটা বুঝবেন।’ এ সময় হাসিনা আহমদকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। তাঁর সঙ্গে সালাহ উদ্দিনের ভাই গিয়াস উদ্দিন ও বোন শামীম আরা উপস্থিত ছিলেন।
সালাহ উদ্দিনের স্ত্রীর অভিযোগ, ১০ মার্চ রাত ৯টা থেকে ১০টার মধ্যে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যান।