প্রফিশিয়েন্সি টেস্টিং ল্যাবের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) অধীনে ‘প্রফিশিয়েন্সি টেস্টিং’ ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বিসিএসআইআরের ড. কুদরাত-এ-খুদা মিলনায়তনে এ ল্যাবের উদ্বোধন করে বিসিএসআইআরের সহযোগী প্রতিষ্ঠান ডেলিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (ডিআরআইসিএম)।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরআইসিএমের ভারপ্রাপ্ত কর্মকর্তা মালা খান বলেন, বিভিন্ন পণ্য উৎপাদনের পর প্রফিসিয়েন্সি টেস্টিংয়ের জন্য এখন আর বিদেশের গবেষণাগারে যেতে হবে না। ডিআরআইসিএমের ল্যাবে তা করা যাবে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। এ ছাড়া বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।
ঢাকা-১০ আসনের সাংসদ শেখ ফজলে নূর তাপস বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বাদে কোনো দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না৷ আজকে যেসব দেশ উন্নত, তার পেছনে আছে জ্ঞানবিজ্ঞান৷ তাই তরুণ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য৷
বিসিএসআইআরের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল হক খান বক্তব্য দেন।