প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলায় রাড়ুলী গ্রামে নিজ বাড়িতে উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞানী ও শিক্ষাবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৫৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান স ম বাবর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এস এম শফিউল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পিসি (প্রফুল্লচন্দ্র) রায় কর্ম দিয়ে শুধু তাঁর জন্মস্থান রাড়ুলী বা পাইকগাছা নয়, গোটা দেশকে ধন্য করে গেছেন। তিনি একাধারে ছিলেন শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজসেবক, সমবায় আন্দোলনের পুরোধা, রাজনীতিবিদ ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তাঁর জীবনাদর্শ বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা পিসি রায়ের প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ ও বসতবাড়িতে পর্যটনকেন্দ্র গড়ে তোলার অনুরোধ করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে তাঁরা পিসি রায়ের বাবা হরিশ্চন্দ্র রায়ের প্রতিষ্ঠা করা প্রায় ২০০ বছরের পুরোনো ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।