জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) এবং প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে পুনঃ ভর্তির আবেদন করা যাবে ২৯ মার্চ থেকে। প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য এই সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম গতকাল বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মার্চ বিকেল চারটা থেকে ৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন প্রাথমিক আবেদনকারীদের কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না। তাদের মেধা তালিকায় স্থান জানতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। রিলিজ স্লিপের অনলাইন আবেদনের সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।