প্রবন্ধে এসেছে নতুন চিন্তা, বিষয়ে বৈচিত্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নত দেশগুলোতে প্রাবন্ধিকেরা ঘরে বসেই দরকারি সব বইপুস্তক পেয়ে যান। সেখানে আমরা গ্রন্থাগারের ভেতরে খুঁজে খুঁজেও প্রয়োজনীয় বই পাই না। তারপরও আমাদের প্রাবন্ধিকেরাও বিশ্বমানের প্রবন্ধ লিখছেন। এসেছে নতুন চিন্তা, বিষয়বৈচিত্র্য, গদ্যে এসেছে নতুন ধারা।’ প্রবন্ধ উপস্থাপনের সময় কথাগুলো বলেন পশ্চিমবঙ্গের প্রাবন্ধিক সুমিতা চক্রবর্তী। আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের তৃতীয় দিন গতকাল বিকেলে বইমেলার মূলমঞ্চে ছিল প্রবন্ধ-সাহিত্য নিয়ে সেমিনার। একই বিষয়ে প্রবন্ধ পড়েন বাংলাদেশের শান্তনু কায়সার। সেমিনার ও আলোচনার সভাপতি ছিলেন পবিত্র সরকার।
সকালে প্রথম পর্বের আয়োজনে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ছিল বাংলা কবিতা নিয়ে আলোচনা। সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের পশ্চিমবঙ্গের কবি শ্যামলকান্তি ও বাংলাদেশের কবি মাসুদুজ্জামান। কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কবি অসীম সাহা, ইকবাল হাসান, তুষার দাশ ও ফরিদ কবির। বিকেলে ছিল মুক্তিযুদ্ধের সাহিত্য, সাহিত্য ও ফোকলোরের পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা। সন্ধ্যায় ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্য ভাষার কবির স্বরচিত কবিতা ও ছড়াপাঠ।
আজ সম্মেলনের শেষ দিন।