
নিরাপত্তাচৌকি বসিয়ে মোটরসাইকেলে তল্লাশির প্রতিবাদে একদল যুবক গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় অবরোধ করেন। এ সময় সড়ক বিভাজক (অস্থায়ী) তুলে রাস্তায় এলোপাতাড়ি ফেলে রাখা হয়। নগরের গুরুত্বপূর্ণ এই মোড়ে হঠাৎ যান চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। সন্ধ্যা সোয়া সাতটা থেকে প্রায় এক ঘণ্টা এ অবস্থা চলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় প্রবর্তক মোড়ে একটি মোটরসাইকেল থামায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ। চালকের লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখতে চায় ট্রাফিক পুলিশ। এ নিয়ে তর্কে জড়ান ওই মোটরসাইকেল আরোহী। একপর্যায়ে তিনি মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন। কয়েক মিনিটের মধ্যে ৪০ থেকে ৪৫ যুবক ঘটনাস্থলে আসেন। তাঁরা রাস্তার বিভাজক সরিয়ে ফেলেন মাঝখানে বসে পড়েন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, অবরোধকারীরা ছাত্রলীগের কর্মী-সমর্থক। তবে ছাত্রলীগ এই অভিযোগ অস্বীকার করেছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘থানা-পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অবরোধকারীরা সরে যায়। আমরা তাদের পরিচয় জানতে পারিনি।’
এ বিষয়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা প্রবর্তক মোড়ে রাস্তা অবরোধ করেছে বলে আমার কাছেও খবর আসে। আমি অনেকের সঙ্গে যোগাযোগ করে অবরোধকারীদের একজনকেও চিনতে পারিনি। ফলে এই অবরোধের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। যারা রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’