প্রবর্তক সংঘকে ধ্বংস করার অপচেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেল​েন প্রবর্তক সংঘ পরিচালনা পর্ষদের নেতারা
সংবাদ সম্মেল​েন প্রবর্তক সংঘ পরিচালনা পর্ষদের নেতারা

একটি বিশেষ মহল অপপ্রচার চালিয়ে প্রবর্তক সংঘের উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। প্রবর্তক সংঘের পরিচালনা পর্ষদের নেতারা এ অভিযোগ করেছেন। গতকাল শনিবার নগরের প্রবর্তক ছাত্রীনিবাস মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রবর্তক সংঘ (বাংলাদেশ)-এর সম্পাদক তিনকড়ি চক্রবর্তী। এ সময় পরিচালনা পর্ষদের সভাপতি আইনজীবী সুভাষ চন্দ্র লালা, সংগঠক ইন্দুনন্দন দত্ত, স্বভুপ্রসাদ বিশ্বাস, নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধরসহ আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সংঘের প্রয়োজনে ১২ তলাবিশিষ্ট প্রবর্তক বহুমুখী বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন মামলার কারণে তা বারবার বাধাগ্রস্ত হয়েছে। পরিবেশ অধিদপ্তর ভবন নির্মাণের অবস্থানগত ছাড়পত্র দিলেও এখন সেটি আর নবায়ন করা হচ্ছে না। নানামুখী চাপ ও অপপ্রচারের কারণে এটি করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়।
প্রবর্তক সংঘের সম্পাদক তিনকড়ি চক্রবর্তী বলেন, বর্তমানে প্রবর্তক শিশুসদনের ৫২৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ১১৫ জনের জন্য সরকার বছরে ১৩ লাখ ৮০ হাজার টাকা দেয়, যা তাদের প্রকৃত ব্যয়ের ৪২ শতাংশ। বার্ষিক মোট ব্যয়ের পরিমাণ ১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা। তিনি বলেন, অনাথালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা দুই হাজার করার সিদ্ধান্ত রয়েছে। এতে বছরে ব্যয় দাঁড়াবে পাঁচ কোটি টাকা। জরাজীর্ণ ভবন সংস্কার, নতুন হোস্টেল নির্মাণ, প্রবর্তকের শাখাগুলোর সম্পত্তি সংরক্ষণসহ নতুন কর্মসূচি বাস্তবায়নে বিশাল অঙ্কের মূলধন সংগ্রহ করতে ভূমির বাণিজ্যিক ব্যবহারের বিকল্প নেই। তাই বাণিজ্যিক ভবন নির্মাণ করতে সিটি করপোরেশন, পুলিশ, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি অপপ্রচার বন্ধ করে সংঘকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রবর্তক সংঘের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য প্রবর্তক রক্ষা ও সংরক্ষণ কমিটিকে অভিযুক্ত করা হয়।
এই অভিযোগের বিষয়ে প্রবর্তক রক্ষা ও সংরক্ষণ কমিটির সদস্যসচিব চন্দন তালুকদার বলেন, ‘আমরা সংঘের উন্নয়নের বিপক্ষে নই। তবে ওই উন্নয়ন নিজেদের অর্থায়নে হোক। জমি ডেভেলপারকে দিলে তার মালিকানা আর সংঘের থাকবে না। কমিটির লোকজন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’
দীর্ঘদিন ধরে অনাথ আশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছে প্রবর্তক সংঘ।