প্রবর্তক সংঘের পাহাড়ে ঘিরে দেওয়া টিনের বেড়া উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে পাহাড়, টিলা ও গাছপালা কেটে পরিবেশ বিপন্ন করার অভিযোগে পরিবেশ অধিদপ্তর দেড় হাজার ফুট টিনের বেড়া উচ্ছেদ করেছে। ‘আরএফ প্রপার্টিজ’ নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য বিশাল এলাকাজুড়ে টিনের বেড়া দিয়েছিল। অভিযানকালে প্রতিষ্ঠানটিকে প্রায় সাত লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল সোমবার এই অভিযানের নেতৃত্ব দেন। পুলিশের সহায়তায় অধিদপ্তরের কর্মীরা সকালে একটি বুলডোজার দিয়ে বেড়া গুঁড়িয়ে দেয়। দেড় ঘণ্টার অভিযানে প্রায় ১০ টন টিন ও লোহার পাত জব্দ করা হয়।মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রবর্তক মোড়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের জন্য আরএফ প্রপার্টিজের অনুকূলে কোনো পরিবেশ ছাড়পত্র নেই। পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে গত ২২ নভেম্বর এ প্রতিষ্ঠানকে অধিদপ্তর থেকে নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা তা মানেনি। পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএফ প্রপার্টিজ প্রবর্তক সংঘের পাহাড়ের ঢালে বেশ কিছু গাছপালা উজাড় করে মাটি কেটে সমান করে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করেছে। তা ছাড়া ওই এলাকার প্রায় দুই একর জায়গায় গাছ কেটে ফেলা হয়েছে অধিদপ্তর থেকে দাবি করা হয়। পরিবেশ অধিদপ্তর অবিলম্বে প্রকল্পের কাজ বন্ধ করতে আরএফ প্রপার্টিজকে লিখিত নির্দেশ দিয়েছে।আরএফ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান দাবি করেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এখানে বহুতল ভবন নির্মাণের জন্য আমাদের ছাড়পত্র দিয়েছে। পরিবেশ অধিদপ্তর যে অনাপত্তিপত্র দিয়েছিল সেটার মেয়াদ গত ১৫ ডিসেম্বর শেষ হওয়ায় ঢাকা থেকে নতুন ছাড়পত্র ইস্যু করতে বলা হয়েছে। এসবের তোয়াক্কা না করে পুলিশ দিয়ে আমাদের বেড়া ভেঙে দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’তবে চউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর হাসান দাবি করেন, ‘আরএফ প্রপার্টিজ শর্ত ভেঙে পাহাড় কেটে ভবন নির্মাণের উদ্যোগ নিলে আমরা তাদের কাজ বন্ধ রাখার নোটিশ দিই। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রায় এক মাস আগে আমরা পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছি।’প্রবর্তক মোড়ে প্রবর্তক সংঘের প্রায় ২৮ একর সবুজ গাছপালায় ঘেরা পাহাড় ও টিলাশ্রেণীর জায়গা রয়েছে। এর মধ্যে ১১৩ কাঠা জায়গায় ১২ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য প্রবর্তক সংঘের সঙ্গে আরএফ প্রপার্টিজ চুক্তি করে। চউক সূত্র জানায়, চউকের বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) প্রবর্তক সংঘের ওই জায়গাকে সাংস্কৃতিক সংরক্ষিত অঞ্চল হিসেবে সংরক্ষণের কথা বলা আছে। ২০০৬ সালে ড্যাপ অনুমোদন করা হয়। এর দুই বছর পর ২০০৮ সালে চউক আরএফ প্রপার্টিজকে প্রবর্তক সংঘের পাহাড়ে দুই স্তরের বেজমেন্টসহ ১২ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমোদন দেয়। এ নিয়ে বিতর্ক শুরু হলে চউক কারণ দর্শাতে ২৮ নভেম্বর ওই নির্মাণ প্রতিষ্ঠানকে নোটিশ দেয়।আরএফ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা চউককে পাল্টা চিঠি দিয়ে সেখানে কোনো পাহাড় কাটা হচ্ছে না বলে জানিয়েছি। চিঠিতে আমাদের অনুকূলে দেওয়া ছাড়পত্র বহাল রাখার অনুরোধ করেছি।’পরিবেশ অধিদপ্তরের অভিযানকে স্বাগত জানিয়েছে প্রবর্তক সংঘ রক্ষা ও সংরক্ষণ কমিটি, গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।