প্রবল বৃষ্টিতে কোটি টাকার কাঁচা ইট নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমতলী ও তালতলী—এ দুই উপজেলায় দুই দিনের প্রবল বর্ষণে ৩০টি ইটভাটার প্রায় ১ কোটি কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভাটার মালিকেরা জানিয়েছেন।
আমতলী উপজেলা ইটভাটা মালিক সমিতি সূত্র জানায়, আমতলী ও তালতলী উপজেলায় ৩০টির মতো ইটভাটা রয়েছে। এসব ভাটায় বছরে প্রায় ১০ কোটি ইট উৎপাদন হয়। গত শুক্র ও শনিবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা দুই দিনের ভারী বর্ষণ হয়। এতে ভাটায় পোড়ানোর জন্য অপেক্ষমাণ প্রায় ১ কোটি কাঁচা ইট ভিজে গলে গেছে।
কয়েকটি ভাটার মালিকেরা বলেন, বৃষ্টি শুরুর আগে তাঁরা এসব কাঁচা ইট পলিথিন দিয়ে ঢেকে পানি থেকে রক্ষার চেষ্টা করেছিলেন। কিন্তু বৃষ্টির তীব্রতা এতটাই ব্যাপক ছিল যে পলিথিন দিয়েও তা রক্ষা করা যায়নি। এ ছাড়া প্রবল বর্ষণে মাঠে পানি জমে যাওয়ায় স্তূপ করে রাখা ইটও পানিতে গলে মাঠের মধ্যে ছড়িয়ে যায়।
গত রোববার সকালে আমতলীর উরশিতলা এলাকায় আকন ব্রিকস, দক্ষিণ-পশ্চিম আমতলীর সাগর ব্রিকস, হলদিয়ার হিজবুল্লাহ ব্রিকস ও সেকান্দারখালীর অটো ব্রিকস এবং গুলিশাখালীর এনবিএম ব্রিকস ইটভাটা ঘুরে দেখা গেছে, লাখ লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে মাঠে পড়ে আছে। পলিথিন দিয়ে শুকনো কাঁচা ইট ঢেকে রক্ষার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
আকন ব্রিকসের মালিক মো. কামাল আকন বলেন, তাঁর ভাটার প্রায় সাড়ে ৪ লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে মাঠের মধ্যে মিশে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা। তিনি আরও বলেন, মাঠের মধ্যে গলে যাওয়া ইটের মাটি সরাতে আরও প্রায় ১ লাখ টাকা খরচ হবে।
গুলিশাখালীর এনবিএম ইটভাটার মালিক নুরুল ইসলাম বলেন, তাঁর প্রায় ৪ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। সাগর ব্রিকসের ব্যবস্থাপক রাজিব খান বলেন, বৃষ্টির পানিতে প্রায় সাড়ে ৪ লাখ ইট গলে মাটিতে মিশে গেছে। তিনি আরও বলেন, প্রথম দিন পলিথিন দিয়ে কাঁচা ইট ঢেকে দিয়েছিলেন, কিন্তু মাঠে পানি জমে সব গলে গেছে। এখন নতুন করে ইট তৈরিতে আরও প্রায় ১৫ দিন সময় লাগবে।
তালতলীর লাউপাড়ায় এসটিডি ভাটার মালিক আবদুস ছোবাহান বলেন, বৃষ্টির পানিতে তাঁর ভাটার প্রায় দেড় লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা।
আমতলী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাগর ব্রিকসের মালিক নাজমুল আহসান নান্নু বলেন, আমতলী ও তালতলী দুই উপজেলায় ছোট-বড় প্রায় ৩০টি ইটভাটা রয়েছে। আকস্মিক বৃষ্টিতে এসব ভাটার প্রায় ১ কোটি কাঁচা ইট পানিতে গলে মাটির সঙ্গে মিশে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকা। গলে যাওয়া ইটের মাটি সরাতে আরও প্রায় অর্ধকোটি টাকা শ্রমিকদের পেছনে ব্যয় হবে। তা ছাড়া এলাকায় যে পরিমাণ ইটের চাহিদা রয়েছে, সেই চাহিদা এ বছর মেটানো সম্ভব হবে না।