প্রবল বৃষ্টিতে পানিবন্দী মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণাঞ্চলে দুই দিনের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বর্ষণ ও নদনদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনা, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, ফরিদপুরসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতায় বরগুনা, পিরোজপুরের মঠবাড়িয়া ও পটুয়াখালীর কলাপাড়ার ৯৭টি গ্রামের মানুষ পানিবন্দী।

খেপুপাড়া আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ প্রদীপ চক্রবর্তী জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে বেশি বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্রবন্দর মংলা, কক্সবাজার ও চট্টগ্রামকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বরগুনা: পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, শনিবার জেলার নদনদীতে ২ দশমিক ৮৭ মিটার উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হয়। বরগুনা সদরের বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী, বড় বালিয়াতলী, ছোট বালিয়াতলী, পাতাকাটা, ছোট তালতলী, গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা, বেতবুনিয়া, খাজুরতলা; বেতাগী উপজেলার সরিয়ামুড়ি, কাজীরাবাদ, বেতাগী সদর; তালতলী উপজেলার নিশানবাড়িয়া, সোনাকাটা ইউনিয়নের কমপক্ষে ৭০টি গ্রামের প্রায় ২০ হাজার পরিবার তীব্র জলাবদ্ধতার মধ্যে পড়েছে।

আমতলী (বরগুনা): ভারী বৃষ্টিপাতের কারণে আমতলী পৌর শহরের সবুজবাগ মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কের ১৫০ মিটার পাশের পুকুরে এবং জয়ালভাঙ্গা ও বালিয়াতলীতে পাউবোর প্রায় ২০০ মিটার বেড়িবাঁধ পায়রা নদীতে ধসে পড়েছে।

বরিশাল: নিম্নচাপ, জোয়ার ও বৃষ্টির পানিতে বরিশালের নিম্নাঞ্চলসহ নগরের গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরের আবাসিক এলাকায় জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত নর্দমাকে দায়ী করছেন নগরবাসী। তবে আবহাওয়া কার্যালয়ের দাবি, সমুদ্রে নিম্নচাপের কারণে জোয়ারের পানি বেড়েছে।

মঠবাড়িয়া (পিরোজপুর): বৃষ্টির কারণে গতকাল পৌর শহরের বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। বলেশ্বর ও বিষখালী নদীর অস্বাভাবিক জোয়ারে গত চার দিন ধরে পাঁচ ইউনিয়নের ১৩টি গ্রাম প্লাবিত হয়ে বাড়িঘর ও বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। ওই এলাকাগুলোতে ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরিদপুর: পাউবোর নির্বাহী প্রকৌশলী আ. মান্নান সরকার জানান, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফরিদপুর আবহাওয়া কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা সুরজুল আমীন জানান, শনিবার সকাল ছয়টা থেকে রোববার বেলা তিনটা পর্যন্ত ৩৩ ঘণ্টায় ফরিদপুরে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পটুয়াখালী: গতকাল সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সেই সঙ্গে ভারী বৃষ্টি এবং দমকা হওয়া বইছে। জেলার গলাচিপা, কলাপাড়া , দশমিনা, বাউফলের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পটুয়াখালী আবহাওয়া কার্যালয় থেকে জানা যায়, গতকাল সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত নয় ঘণ্টায় ৬৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কলাপাড়া (পটুয়াখালী): প্রবল বর্ষণ ও জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে কলাপাড়ার অসংখ্য মানুষ। ঢেউয়ের তোড়ে ডালবুগঞ্জ ইউনিয়নের ৪৭/২ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল দেখা দিয়েছে। প্রায় ২০০ ফুট ভেঙে তলিয়ে গেছে ওই ইউনিয়নের নয়টি গ্রাম। চম্পাপুর ইউনিয়নের ৫৪/এ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দেবপুর পয়েন্টে প্রায় ৩০০ মিটার ভেঙে যাওয়ায় তলিয়ে গেছে এখানকার পাঁচটি গ্রাম। প্রবল বর্ষণে এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে কয়েকটি ইউনিয়নের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

খেপুপাড়ায় ঝড় সংকেতকারী রাডার স্টেশন ও পাইলট বেলুন অবজারভেটরির (পিবিও) প্রকৌশলী প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, রোববার সকাল ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত কলাপাড়ায় ১১৩ মিলিমিটার বৃষ্ট্পািত রেকর্ড করা হয়েছে। বর্তমানেও মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে।

বাগেরহাট: তিন ঘণ্টার টানা বর্ষণে বাগেরহাট পৌরসভার মিঠাপুকুরপাড়, আলীয়া মাদ্রাসা সড়ক, বাসাবাটি, নাগেরবাজারসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত নর্দমা ব্যবস্থা না থাকায় এসব এলাকায় অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।