প্রবল স্রোতে চলতে পারছে না চারটি ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। প্রচণ্ড স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারছে না ছোট-বড় চারটি ফেরি। অন্য ফেরিগুলোর চলাচলও ব্যাহত হচ্ছে। এতে দুই ঘাটে প্রতিদিন আটকা পড়ছে শত শত যান। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়ায় দুই সপ্তাহ ধরে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্রোতের তীব্রতা। প্রবল স্রোতের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে ২১ জুলাই রোরো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ২০ জুলাই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, ১৯ জুলাই ইউটিলিটি ফেরি বনলতা ও ১৭ জুলাই কেটাই ফেরি কাবেরী বসে পড়ে। এই যাত্রাপথে ছোট-বড় মোট ১৮টি ফেরি চলাচল করত। রোরো (বড়) নয়টি, কে-টাইপ (মাঝারি) তিনটি ও ইউটিলিটি (ছোট) ছয়টি। গত ২২ মার্চ ইউটিলিটি ফেরি ‘মাধবীলতা’ দৌলতদিয়া ঘাটের কাছে চরের সঙ্গে ধাক্কা খায়। এতে ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়। ফেরিটি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে রাখা হয়েছে। বর্তমানে চালু আছে মাত্র ১৩টি ফেরি।
নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়টির একাধিক প্রকৌশলী প্রথম আলোকে বলেন, এই নৌপথে বর্তমানে স্রোতের গতি রয়েছে ঘণ্টায় সাড়ে সাত থেকে আট নটিক্যাল মাইল। ঘাটের কাছে কখনো স্রোতের তীব্রতা বেড়ে যায়। ওই চারটি ফেরির ইঞ্জিনের শক্তি সাত থেকে আট নটিক্যাল মাইল। স্রোত ও ইঞ্জিনের শক্তি প্রায় সমান হওয়ায় এসব ফেরি চলাচল করতে পারছে না।
কর্তৃপক্ষের আশঙ্কা, স্রোতের তীব্রতা বৃদ্ধি পেলে আরও কয়েকটি ফেরি চলাচল বন্ধ করে দিতে হতে পারে। ইতিমধ্যে স্রোতের বিপরীতে সর্বশক্তি দিয়ে চলতে গিয়ে কে-টাইপ ফেরি কাবেরী ও ইউটিলিটি ফেরি বনলতার হাইড্রোলিক মোটরসহ মূল্যবান কিছু খুচরা যন্ত্র বিকল হয়ে পড়েছে। এসব যন্ত্র বিদেশ থেকে আনতে হবে।
এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে প্রতিদিন আটকা পড়ছে শত শত যান। দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো তিন থেকে পাঁচ ঘণ্টা ঘাটে আটকা থাকে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন হাজারো যাত্রী।
ইগল পরিবহনের দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়ক ভরত মণ্ডল বলেন, দক্ষিণাঞ্চল থেকে আসা দূরপাল্লার রাতের কোচগুলো পরদিন সকালে পার হচ্ছে। দীর্ঘ সময় বাসে বসে থেকে অনেক যাত্রীই ক্লান্ত হয়ে পড়ছেন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, দৌলতদিয়া ২ নম্বর ঘাটের কয়েক শ গজ দূরের চরটি ভেঙে গেছে। সরাসরি ঘাটে স্রোতের আঘাত লাগছে। এতে ২, ৩ ও ৪ নম্বর ঘাট ভাঙনের প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে, ২ নম্বর ঘাট যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। এ ছাড়া পাটুরিয়া ঘাটের কাছে চর থাকায় ফেরিগুলো দাশকান্দি হয়ে দীর্ঘপথ ঘুরে আসছে।
একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, বড় ফেরি দুটির ইঞ্জিনের শক্তি বৃদ্ধির কাজ চলছে। কয়েক দিনের মধ্যে কাবেরী ও বনলতা চালু করা যেতে পারে।