প্রবল স্রোতে ফেরি বন্ধ, ভাঙনে বিলীন গ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার এক নম্বর ফেরিঘাট মঙ্গলবার দিবাগত রাত নয়টা থেকে বন্ধ হয়ে গেছে। স্রোতের আঘাতে ফেরিঘাট এলাকার সিদ্দিক কাজীর পাড়ার গ্রামের বেশ কিছু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গ্রামের লোকজন মালামাল নিয়ে সরে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম ভাঙনের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাট থেকে কিছুটা দূরে নদীর পাশে চর ছিল। কিন্তু চর পানিতে তলিয়ে যাওয়ায় স্রোত সরাসরি ঘাটে আঘাত হানছে। রাত নয়টা থেকে এক নম্বর ফেরি ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। একটা রেকার দিয়ে পন্টুনকে আটকে রাখা হয়েছে।