প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত
ফানুস উড়িয়ে এবং দেশের মানুষের সুখ, সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদ্যাপন করেছেন বৌদ্ধধর্মাবলম্বীরা। গতকাল শনিবার রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীরা দিনটি উদ্যাপন করেন।
আন্তর্জাতিক বৌদ্ধবিহার ঢাকার উপবিহারাধ্যক্ষ সুনন্দপ্রিয় ভিক্ষু বলেন, অহিংসা, সাম্য এবং মানবিকতা মহামানব বুদ্ধের প্রধান দর্শনের মধ্যে অন্যতম। এই দর্শন মেনে বৌদ্ধধর্মাবলম্বীরা নিজেদের জীবন পরিচালনা করেন। বাংলাদেশের মানুষের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন তিনি।
এ ছাড়া আগামী নভেম্বর মাসের ১১ তারিখ কঠিন চীবরদান ও বৌদ্ধধর্মীয় মহাসম্মেলনে বৌদ্ধধর্মাবলম্বীদের অংশগ্রহণের আহ্বান জানান বৌদ্ধ ভিক্ষুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মানুষ হত্যার মাধ্যমে দেশে অস্থিরতা এবং বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। যারা এমন ষড়যন্ত্র করেছে, দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তারাই সংখ্যালঘু, যারা মানুষ হত্যার চেষ্টা করে এবং দেশকে অস্থিতিশীল করতে চায়।
প্রবারণা পূর্ণিমা উদ্যাপন ২০১৬-এর সভাপতি কিশোর কুমার বড়ুয়া বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধধর্মের অন্যতম প্রধান একটি অনুষ্ঠান। এই দিনটিতে সরকারি ছুটি ঘোষণার এবং বৌদ্ধ ছেলেমেয়েদের পুলিশ বাহিনীসহ দেশের বিভিন্ন পেশায় আরও বেশি যুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য তিনি সরকারের কাছে অনুরোধ জানান।