প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রামুতে আনন্দযজ্ঞ
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধদের গ্রামগুলোতে তিন মাসব্যাপী আনন্দ-উৎসবের আয়োজন করা হয়েছে। গত ২৫ জুলাই আষাঢ়ী পূর্ণিমার দিন থেকে ২০টি বৌদ্ধ গ্রামে আনন্দযজ্ঞ শুরু হয়। আগামী ২২ অক্টোবর প্রবারণা পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হবে।‘শুকনো ডালে ফুল ফুটিল, স্বর্গ থেকে মর্ত্যে এল, কে কে যাবি আয়রে; বুদ্ধের মতো এমন দয়াল আর নাইরে’—এ রকম বুদ্ধকীর্তন গেয়ে গ্রামের শিশু-কিশোর ও যুবকেরা প্রায় দুই মাস ধরে অন্য রকম আনন্দে মেতে উঠেছে। ঢোল, কাঁসর, মন্দিরা, বাঁশিসহ নানা বাদ্য বাজিয়ে নেচে-গেয়ে তারা প্রতি রাতে এ বাড়ি থেকে ও বাড়ি, এ পাড়া থেকে ও পাড়ায় যাচ্ছে; সংগ্রহ করছে বাঁকখালী নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য জাহাজ তৈরির টাকা। এ আয়োজন ঘিরে পাড়ায় পাড়ায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।বৌদ্ধধর্মাবলম্বীরা জানান, প্রতিবছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত পালনের শেষ দিনটি হচ্ছে প্রবারণা পূর্ণিমা। এ দিনে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি শুধু রামু উপজেলায় জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবকে ঘিরে প্রতিবছর বাঁকখালী নদীর তীরে বসে হাজারও নর-নারীর মিলনমেলা। তাই আষাঢ়ী পূর্ণিমার শুরুতেই বিভিন্ন বৌদ্ধ গ্রামে শুরু হয় জাহাজ তৈরির কাজ।