প্রবারণা পূর্ণিমায় শহীদ মিনারে দীপ প্রজ্বালন
আগামী ২৯ অক্টোবর বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র প্রবারণা পূর্ণিমা। কিন্তু গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পর আজ বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে উৎসবের সব আনন্দই অর্থহীন হয়ে পড়েছে।এর প্রতিবাদে আগামী ২৯ অক্টোবর বৌদ্ধধর্মের উৎসব প্রবারণা পূর্ণিমার সন্ধ্যায় জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে পাঁচটা ৩০ মিনিটে একটি ‘দীপ প্রজ্বালন’ সমাবেশের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করার লক্ষ্যে দেশের প্রগতিশীল নাগরিকদের পক্ষ থেকে এ আয়োজন করেছে ‘জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি উদ্যোগ’। তাদের পক্ষ থেকে কক্সবাজারের রামুতেও একই ধরনের কর্মসূচি পালন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি উদ্যোগের পক্ষ থেকে দেশের সব প্রগতিশীল নাগরিকের কাছে এ ধরনের অনুষ্ঠান একযোগে সারা দেশে সব শহীদ মিনারকে কেন্দ্র করে আয়োজন করার জন্য আহ্বান জানানো হয়েছে।