প্রবাল-শৈবাল নিধন চক্র সক্রিয়
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন এলাকায় আইন অমান্য করে প্রবাল-শৈবাল আহরণ করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছে একটি চক্র। দ্বীপের বিভিন্ন এলাকায় শ্রমিক নিয়োগ করে আহরণ করা হচ্ছে এসব প্রবাল-শৈবাল। আর তা শিশু-কিশোরদের দিয়ে প্রকাশ্যে দিনদুপুরে এবং দ্বীপের বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে। এতে ভয়াবহ হুমকির মুখে পড়েছে সেন্ট মার্টিনের পরিবেশ ও প্রতিবেশ।বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের আয়তন ৫ দশমিক ৯ বর্গকিলোমিটার। দ্বীপটি শাহপরীর দ্বীপের বদরমোকাম থেকে প্রায় নয় কিলোমিটার প্রশস্ত চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। দক্ষিণ ও পশ্চিমে বঙ্গোপসাগর। পূর্বে মিয়ানমারের সীমানা মাত্র ৪ দশমিক ৫ কিলোমিটার দূরে। সেন্ট মার্টিনের জলভাগ সামুদ্রিক জীববৈচিত্র্যে ভরপুর।পরিবেশ অধিদপ্তরের সূত্রমতে, দ্বীপের উপকূলীয় জলরাশিতে রয়েছে প্রবাল ও শৈবালের সুন্দর সমন্বয়, যা দেশের অন্য কোথাও দেখা যায় না। এখানে রয়েছে ৬৮ প্রজাতির প্রবাল। এর মধ্যে ১৯ প্রজাতির জীবাশ্ম, ৩৬ প্রজাতির শক্ত ও ১৩ প্রজাতির নরম প্রবাল। রয়েছে ১৯১ প্রজাতির শামুক-ঝিনুক, ১০ প্রজাতির কাঁকড়া, ২৩৪ প্রজাতির মাছ ও ১৫৩ প্রজাতির শৈবাল। এ ছাড়া রয়েছে চুনাপাথর, জীবাশ্মযুক্ত বেলেপাথর, কনগ্লোমারেট শিলা, চুনাযুক্ত বেলেপাথর, খোলসযুক্ত চুনপাথর ও ঝিনুক পাহাড়। সৈকতে রয়েছে বিশাল শিলের চর।সরেজমিনে সেন্ট মার্টিন: দ্বীপের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিশাল সৈকত এলাকার পাশাপাশি জেটি ঘাট, পূর্বপাড়া, দক্ষিণপাড়া, উত্তরপাড়া, কোনারপাড়া, পশ্চিমপাড়া, মাঝরপাড়া, আশ্রয়ণ, ছেঁড়াদিয়াসহ বিভিন্ন এলাকা থেকে নির্বিচারে প্রবাল-শৈবাল আহরণ করা হচ্ছে। চোরাচালানি চক্রের নিয়োগ করা শ্রমিকেরা এসব আহরণ করে এলাকার বিভিন্ন কেয়া বন ও জঙ্গলে নিয়ে বস্তায় ভরে মজুদ করে। পরে সমুদ্রপথে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। এই চক্রের সদস্য হিসেবে ১১ জনের নাম জানতে পেরেছে পরিবেশ অধিদপ্তরের টেকনাফ কার্যালয়। তাঁরা হলেন সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণপাড়ার মোস্তাক আহমদ, কালা মিয়া, মনির হোসেন, নুরুল হক, আব্দুর রজব, মবিয়া খাতুন, আবদুস সালাম ও জাফর আহমদ; কোনারপাড়ার আবদুর রাজ্জাক; পশ্চিমপাড়ার বদিউল আলম ও সেলাক আহমদ।দেখা গেছে, বেশ কিছু শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের লোক প্রকাশ্যে ফেরি করে প্রবাল-শৈবাল, শামুক ও ঝিনুক পর্যটকদের কাছে বিক্রি করছে। এ ছাড়া দ্বীপের সৈকত এলাকায় বিভিন্ন ধরনের দোকানেও এসব প্রবাল-শৈবাল শোপিস হিসেবে বিক্রি হচ্ছে।প্রবাল-শৈবাল বিক্রিতে নিয়োজিত ফরিদা বেগম, জ্যোৎস্না আকতার ও ছেঁড়াদিয়া এলাকার ব্যবসায়ী নুরুল হোসাইন জানান, তাঁদের ছবি সংবাদপত্রে প্রকাশিত হলে তাঁরা প্রবাল-শৈবাল বিক্রি করতে পারবেন না। ছবি না তোলার অনুরোধ করেন তাঁরা। তাঁরা জানান, ‘বড় মামু আমাদের দিয়ে এগুলো বিক্রি করাচ্ছে। বিক্রির পর শতকরা ২৫ টাকা হারে কমিশন দেওয়া হয়। এতে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা আয় হয়।’‘বড় মামুর’ নাম জানাননি তাঁরা। তাঁদের এ বিক্রিতে বাধা দেয় না পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ খান প্রথম আলোকে বলেন, আগে প্রচুর পরিমাণে প্রবাল-শৈবাল আহরণ করা হলেও এখন দ্বীপের মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা দেখা দিয়েছে। তা ছাড়া দ্বীপে পরিবেশ অধিদপ্তরের লোকজন নামমাত্র আছে, কাজে নেই।চেয়ারম্যান জানান, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু অসাধু ব্যবসায়ী প্রবাল-শৈবাল আহরণের জন্য স্থানীয় কয়েকজনকে দাদন দিয়ে পাচারকাজে উৎসাহিত করছে। প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কিছু বলতেও সাহস পাচ্ছে না।আইনে নিষিদ্ধ: উপকূলীয় ও জলাভূমির জীববৈচিত্র্য রক্ষার্থে পরিবেশ অধিদপ্তর ১৯৯৫ সালে কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত ও সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে (গেজেট ১৯৯৯) সংকটাপন্ন ওই এলাকায় প্রবাল, শৈবাল, শামুক, ঝিনুক সংগ্রহ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে মাছ, কচ্ছপ ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষতিকারক যেকোনো ধরনের কাজ; পাথুরে ও প্রবাল শিলা আহরণ; যেকোনো নির্মাণকাজে পাথুরে ও প্রবাল শিলার ব্যবহার। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানাসহ উভয় দণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে।অভিযুক্ত ব্যক্তিদের ভাষ্য: প্রবাল-শৈবাল পাচারে অভিযুক্ত মোস্তাক আহমদ, আবদুস সালাম, আবদুর রাজ্জাক ও জাফর আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা প্রবাল-শৈবাল পাচারের অভিযোগ অস্বীকার করেন। তাঁরা বলেন, স্থানীয় জেলেদের জালে আটকে পড়া প্রবাল-শৈবালগুলো রোদে শুকিয়ে কিছু টাকার বিনিময়ে পর্যটকদের কাছে বিক্রি করা হয়। কর্মকর্তাদের বক্তব্য: পরিবেশ অধিদপ্তরের টেকনাফ দপ্তরের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক বলেন, প্রবাল সমুদ্রের মাছের অভয়াশ্রম হিসেবে কাজ করে। ছোট ছোট মাছ বড় আগ্রাসী মাছের কবল থেকে রক্ষা পেতে প্রবালে আশ্রয় নেয়। অপরদিকে, শৈবাল বালুচর ও ভূমি গঠনে সিমেন্টের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাল-শৈবাল আহরণ বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।আমিনুল হক বলেন, প্রবাল-শৈবাল আহরণকারী ১১ সদস্যের ওই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনে তালিকা পাঠানো হয়েছে। সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, চক্রটি সৈকত এলাকায় ছোট ছোট ছেলেমেয়েকে দিয়ে প্রবাল-শৈবাল বিক্রি করাচ্ছে। মূল হোতাদের ধরতে পুলিশের অভিযান চলছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার্থে প্রবাল-শৈবাল, শামুক, ঝিনুক আহরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রবাল-শৈবাল আহরণের ফলে জীববৈচিত্র্য নষ্ট হয়ে পরিবেশ হুমকির মুখে পড়েছে।ইউএনও জানান, প্রবাল-শৈবাল পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সেন্ট মার্টিনে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।