প্রবাল-শৈবাল বিলুপ্তির পথে
অবাধে আহরণ ও পর্যটকবাহী জাহাজ থেকে নির্গত তেলের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের প্রবাল-শৈবাল। পরিবেশ অধিদপ্তর বলছে, সেন্ট মার্টিনের অধিকাংশ প্রজাতির প্রবাল ও শৈবাল বিলুপ্ত হয়ে গেছে। পাশাপাশি ছেঁড়াদিয়া দ্বীপে এখনো কিছু প্রবাল-শৈবাল থাকলেও অবাধে আহরণের কারণে শিগগির তা বিলুপ্ত হয়ে যাবে।স্থানীয় ব্যক্তিরা বেআইনিভাবে প্রবাল-শৈবাল সাগর থেকে সংগ্রহ করে বিক্রি করছেন পর্যটকদের কাছে। ১৯৯৫ সালের পরিবেশ আইন অনুযায়ী, সৈকতের প্রবাল, শৈবাল, শামুক ও ঝিনুক আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।৮ জানুয়ারি সেন্ট মার্টিনে গিয়ে দেখা গেছে, শিশুদের পাশাপাশি বয়স্ক লোকজন সৈকতে দাঁড়িয়ে প্রবাল-শৈবাল বিক্রি করছেন। পর্যটকেরা ২০ থেকে ৩০০ টাকা দরে এগুলো কিনছেন।একটি পাত্রে ১০ থেকে ১২ টুকরা প্রবাল নিয়ে দ্বীপের পশ্চিম সৈকতে ঘুরে বিক্রি করছে দ্বীপের উত্তরপাড়ার কিশোরী জয়নাব। সে বলে, ‘প্রতিদিন ৪০০ থেকে ৭০০ টাকার প্রবাল বিক্রি করি। পুলিশের ভয়ে লুকিয়ে বিক্রি করতে হয়। আমার বাবা-ভাইয়েরা সমুদ্রের তল থেকে পাথরের ভেতর থেকে খন্তি দিয়ে কেটে প্রবাল-শৈবাল সংগ্রহ করেন। বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে আমাদের সংসার চলে।’সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, শিশুরা প্রবাল-শৈবাল বিক্রি করছে। তাদের ধরে নিয়ে গেলে পরে সমস্যা হয়। শৈবাল আহরণকারীদের বিকল্প পেশায় পুনর্বাসন ও পর্যটকদের এসব না কিনতে নিরুৎসাহী করা গেলে দ্বীপের পরিবেশ ফিরে আসত।মৎস্য বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন জানান, এক দশক আগেও এই দ্বীপে ৬৬ প্রজাতির প্রবাল, ১৩ প্রজাতির শৈবাল ও ১০১ প্রজাতির শামুক-ঝিনুকে ভরপুর ছিল। এখন দ্বীপের পূর্ব, উত্তর ও পশ্চিম এলাকায় প্রবাল-শৈবাল নেই। দেশের সর্ব দক্ষিণের ছেঁড়াদিয়া দ্বীপের প্রবাল-শৈবালও রক্ষা করা যাচ্ছে না। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরেরও কোনো তৎপরতা নেই।ছেঁড়াদিয়ায় গিয়ে দেখা গেছে, বয়স্ক লোকজন বালুচরে সাজিয়ে রেখে প্রবাল-শৈবাল বিক্রি করছেন। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দ্বীপের সম্পদ রক্ষায় প্রশাসনের কেউ নেই। স্থানীয় লোকজন জানান, দিনে কমপক্ষে কয়েক হাজার পর্যটক এই দ্বীপ ঘুরতে আসেন। তাঁদের উল্লেখযোগ্য একটি অংশ ব্যাগে ভরে প্রবাল-শৈবাল ও শামুক-ঝিনুক নিয়ে যাচ্ছেন। এ কারণে পরিবেশ নষ্টের পাশাপাশি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য।ছেঁড়াদিয়ার ভাজা মাছ বিক্রেতা নজির আহমদ জানান, রাতের বেলায় কয়েকজন লোক সৈকতের পাথরের স্তূপ থেকে প্রবাল-শৈবাল আহরণ করে। পরে ট্রলারে করে কক্সবাজার সৈকতের ঝিনুক মার্কেটে নিয়ে তা বিক্রি করে।জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রথম আলোকে জানান, সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব, উত্তর ও পশ্চিম সৈকতের প্রবাল-শৈবাল শেষ হয়ে গেছে। ছেঁড়াদিয়ার দক্ষিণ অংশে এখনো কিছু প্রবাল-শৈবাল আছে। কিন্তু নানা কারণে তা ধ্বংস হচ্ছে। এসব রক্ষায় সেখানে পরিবেশ অধিদপ্তরের কোনো কর্মকর্তা নেই। কক্সবাজার থেকে সমুদ্র পাড়ি দিয়ে দ্বীপে গিয়ে এসব রক্ষা করাও সম্ভব হচ্ছে না। আগে সেন্ট মার্টিনে ৭৯ প্রজাতির প্রবাল-শৈবাল দেখা গেলেও অধিকাংশ প্রজাতি এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। পর্যটকবাহী জাহাজ থেকে নির্গত তেল ও সাগরে ফেলা ময়লা-আবর্জনা প্রবালস্তরে গিয়ে জমাট বাঁধে। এ কারণেও প্রবাল বিলুপ্ত হচ্ছে।