প্রবাস থেকে ফিরেই ছিনতাইকারীর কবলে
মাইক্রোবাসের গতিরোধ করে অস্ত্রের মুখে প্রবাসফেরত এক ব্যক্তির কাছ থেকে আট লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা থানার পৌর এলাকার কৈডুবি নামক স্থানে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে এবং মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার কুঠিগ্রামের বাসিন্দা মো. শরিফ উদ্দীন (৩৫) বৃহস্পতিবার ইতালি থেকে দেশে ফেরেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে একটি সাদা রঙের প্রাইভেট কার শরিফকে বহনকারী মাইক্রোবাসের গতিরোধ করে। প্রাইভেটকার থেকে তিনজন যুবক নেমে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসটি তল্লাশি করার কথা বলে। এরপর তারা আগ্নেয়াস্ত্রের মুখে শরিফ উদ্দীনের কাছে থাকা নগদ ছয় হাজার ইউরো ও প্রসাধনসামগ্রীসহ আট লাখ ১০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।ভাঙ্গা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে শরিফ উদ্দীনের বাবা আয়ুব আলী বাদী হয়ে একটি ছিনতাইয়ের মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাইক্রোবাসের চালক টেকেরহাটের বৈলগ্রামের রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।