প্রবাসী কনের সঙ্গে বিয়ের নামে প্রতারণা, গ্রেপ্তার ১৩
কানাডাপ্রবাসী কনের সঙ্গে বিয়ের নামে প্রতারণার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে সাজানো বিয়ের আসর থেকে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—রুহুল আমিন মৃধা, আরিফ শরীফ, নাছিম মিয়া, তারেক মোল্লা, ইউসুফ আলী, সফিকুর রহমান, নাজমুল আলম, সজীব মোল্লা, রাহাত মিয়া, সুমন মৃধা, শাহিন আলম, সালমা বেগম ও কথিত কানাডাপ্রবাসী কনে শাম্মী আক্তার। গতকাল শুক্রবার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় তাঁরা প্রতারণার বিষয়টি স্বীকার করেন।ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবদুল আহাদ প্রথম আলোকে বলেন, এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ওই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি গত ২৩ সেপ্টেম্বর একটি দৈনিকে বিজ্ঞাপন দেখে বিয়ের জন্য যোগাযোগ করে এই চক্রের ফাঁদে পড়েন। এই চক্রের প্রধান রুহুল আমিন মৃধা। সালমাও কথিত কানাডাপ্রবাসী। অন্যরা কর্মচারী।ডিবি পুলিশ জানায়, ‘কানাডাপ্রবাসী পাত্রীর জন্য পাত্র চাই’ বিজ্ঞাপন দেখে অভিযোগকারী ব্যক্তি বিজ্ঞাপনে উল্লিখিত মুঠোফোন নম্বরে যোগাযোগ করে ২৪ সেপ্টেম্বর ৫০ ডি নয়াপল্টনের আল মনসুর ভবনের পঞ্চম তলায় যান। সেখানে সাইনবোর্ডে ছিল নাফ এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস। এ সময় রুহুল আমিন তাঁকে জানান, পাত্রী দেখাসহ অন্যান্য খরচ বাবদ এক লাখ ৭০ হাজার টাকা দিতে হবে। বিয়ের দুই মাস পর পাত্রী তাঁকে কানাডা নিয়ে যাবেন। তিনি কথিত পাত্রী দেখে পছন্দ করেন এবং পাত্রী দেখা ও হীরার নাকফুল বাবদ ৪০ হাজার টাকা এবং ২০ হাজার টাকায় তিনটি মুঠোফোন কিনে দেন। বৃহস্পতিবার বিকেলে ওই কার্যালয়ে সাজানো বিয়ের আয়োজন করা হয়। তবে এর আগেই প্রতারণার বিষয়টি বুঝে ওই ব্যক্তি ঘটনাটি ডিবিকে জানান। সে অনুযায়ী ডিবি অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পল্টন থানায় মামলা করা হয়েছে।রুহুল আমিন সাংবাদিকদের বলেন, তাঁদের প্রতিষ্ঠানের নাম নাফ এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস। তাঁরা আদম ব্যবসার পাশাপাশি প্রতারণার জন্য এমন ঘটকালির কাজও করেন। তাঁর দাবি, টঙ্গীর আনোয়ার প্রতিষ্ঠানটির মালিক।কথিত কনে শাম্মী বলেন, এভাবে আগে তিন পাত্রের সঙ্গে তাঁর সাজানো বিয়ে হয়েছে। প্রতিটির বিনিময়ে তাঁকে এক-দুই হাজার টাকা দেওয়া হয়। কিছুদিন আগে রুহুলের সঙ্গে তাঁর পরিচয় হয়।