জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, প্রবাসী শ্রমিকেরা বিদেশ থেকে অমানবিক পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠান। কিন্তু বেশির ভাগ সময়ই রাষ্ট্র বা দূতাবাসের কর্মকর্তারা তাঁদের সঙ্গে মানবিক আচরণ করেন না। এ পরিস্থিতি বদলাতে হবে। এ জন্য সরকার ও দূতাবাসের কর্মকর্তাদের সবার আগে প্রবাসী শ্রমিকদের অধিকার সম্পর্কে জানতে হবে।এশিয়ার অভিবাসনসংক্রান্ত বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়কারী সংগঠন কারাম এশিয়া আয়োজিত মতবিনিময় সভায় গতকাল রোববার মিজানুর রহমান এসব কথা বলেন। ঢাকায় অনুষ্ঠিতব্য কলম্বো প্রসেস সম্মেলনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আর সবার মতো একজন অভিবাসী শ্রমিকেরও সব ধরনের অধিকার আছে। তাঁদের সেই অধিকারগুলো নিশ্চিত করতে হবে। প্রায়ই দেখা যায়, সেটা সম্ভব হয় না। মিজানুর রহমান বলেন, সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং দূতাবাসের কর্মকর্তাদের সবার আগে প্রবাসী শ্রমিকদের অধিকার সম্পর্কে জানতে হবে। যাতে তাঁরা প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারেন। এ জন্য প্রয়োজনে মানবাধিকার কমিশন তাঁদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত আছে।শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, বর্তমান সরকার প্রবাসী শ্রমিকদের অধিকারের বিষয়ে অনেক বেশি সচেতন। এ কারণেই সরকার কলম্বো প্রসেস সম্মেলনকে অনেক গুরুত্ব দিচ্ছে। কারাম এশিয়ার প্রধান মানবাধিকারকর্মী আইরিন ফার্নান্দেজ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অভিবাসী শ্রমিকেরা সব সময়ই নানা ধরনের সমস্যায় পড়েছেন। এসব সমস্যা মোকাবিলায় রাষ্ট্রগুলোর নিজস্ব কৌশল থাকা উচিত।সুলতানা কামাল বলেন, ‘অভিবাসী শ্রমিকদের দুঃখ-কষ্টের কথা আমরা সবাই জানি। তাঁদের এই দুর্দশা দূর করার দায়িত্ব আমাদের।’সভায় কারাম এশিয়ার সমন্বয়ক হারুন-অর-রশিদ, বেসরকারি সংস্থা ইমা রিসার্চ ফাউন্ডেশনের সমন্বয়ক আনিস আহমেদ, বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনের (বমসা) সুমাইয়া ইকরাম, ওকাবের সাকিরুল ইসলাম, রাইট যশোরের এস এম তফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।আইওমের আলোচনা সভা: কলম্বো প্রসেস উপলক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘অভিবাসন ও স্বাস্থ্য’ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা বলেন, অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্যের বিষয়টি প্রায় সময়ই উপেক্ষিত থেকে যায়। বিষয়টি সম্পর্কে গুরুত্ব দেওয়া উচিত। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান। অনুষ্ঠান উদ্বোধন করেন আইওএমের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা।