প্রবাসীকল্যাণ ব্যাংক পেল ৫০ কোটি টাকা
প্রবাসীকল্যাণ ব্যাংককে তফসিলি ব্যাংকে রূপান্তর করতে ৫০ কোটি টাকা দিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
আজ রোববার বেলা ১১টায় রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আ ন ম মাসরুরুল হুদা সিরাজীর কাছে ওই টাকার চেক তুলে দেন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের কষ্টার্জিত আয় স্বল্প খরচ ও সহজে দেশে আনার জন্য প্রবাসীকল্যাণ ব্যাংককে তফসিলি ব্যাংক হিসেবে রূপান্তর করা হয়েছে। তফসিলি ব্যাংকের কার্যক্রম শুরু হলে বৈধ পথে প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ আরও বাড়বে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রবাসীকল্যাণ ব্যাংকের শাখা খোলা হবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জাবেদ আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস ও প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুরুল হুদা। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
২০১১ সালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ৯৫ কোটি টাকা ও সরকারের পাঁচ কোটি টাকা নিয়ে প্রবাসী কর্মীদের কল্যাণে প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। পরে সরকার প্রবাসীকল্যাণ ব্যাংককে তফসিলি ব্যাংকে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী তফসিলি ব্যাংক গঠনে ৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধন পুনর্গঠনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ৫০ কোটি এবং সরকার থেকে ২৫০ কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত হয়।