প্রবাসী দম্পতির বরুড়ার বাড়িতে মাতম
কৈশোর থেকেই দারুণ ফুটবল খেলতেন আলাউদ্দিন। মধ্যমাঠ কাঁপানো খেলোয়াড় ছিলেন। মেধাবী, লম্বা ও সুঠাম দেহের অধিকারী ছিলেন। পরে বিডিআরে (বর্তমানে বিজিবি) চাকরি হয় তাঁর।
২০০৬ সালের নভেম্বর মাসে আলাউদ্দিন ডিভি (ডাইভারসিটি ভিসা) লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে যান। বছর দেড়েক আগে বিয়ে করেন। ৪ এপ্রিল স্ত্রীকে নিয়ে তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগে তাঁরা চলে যান না ফেরার দেশে। গত বুধবার কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড় ও তুফানে ট্রলার উল্টে ভেসে যান তাঁরা। গতকাল শনিবার সকালে রাঙামাটি ডিসি বাংলোর অদূরে তাঁদের লাশ ভেসে ওঠে। মৃত ব্যক্তিরা হলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের নাগিরপাড় গ্রামের আলাউদ্দিন পাটোয়ারী (৩৬) ও তাঁর স্ত্রী আইরিন সুলতানা ওরফে লিমা (২৬)।
মৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মফিজুল ইসলাম পাটোয়ারী-মনোয়ারা বেগম দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে আলাউদ্দিন দ্বিতীয়। পারিবারিকভাবে তাঁকে আজিম নামে ডাকা হতো। ৮ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন আলাউদ্দিন। স্ত্রী আইরিন সুলতানাকে নেওয়ার জন্যই তাঁর এবারের দেশে ফেরা। বুধবার চট্টগ্রাম শহরের বাসা থেকে আলাউদ্দিন স্ত্রীকে নিয়ে কাপ্তাই হ্রদে বেড়াতে যান। বেলা সাড়ে তিনটায় ঘূর্ণি বাতাসে ট্রলার উল্টে যায়। চালক বিটন চাকমা দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার হলেও আলাউদ্দিন দম্পতি নিখোঁজ ছিলেন। তাঁদের উদ্ধারের জন্য সেনা, নৌবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চার দিন চেষ্টা চালান। নিহত ব্যক্তিদের স্বজনেরাও হ্রদের পাড়ে ভিড় করেন। গতকাল সকালে রাঙামাটি ডিসি বাংলোর অদূরে লাশ ভেসে ওঠে। সেখান থেকে লাশ এনে রাতে নাগিরপাড় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত দম্পতির নানার বাড়ি ও গ্রামের বাড়ি একই এলাকায়। লাশ আসার পর স্বজন ও আত্মীয়স্বজনের আহাজারিতে গোটা গ্রামে বেদনাবিধুর পরিবেশ বিরাজ করে। সবারই প্রশ্ন, ‘এত তাড়াতাড়ি ওদের চলে যেতে হলো কেন?’ আলাউদ্দিনের খালা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জেরিনা ইয়াসমিন বলেন, ‘স্কুলবান্ধবী বিউটি আক্তারের মেয়ে আইরিন সুলতানার সঙ্গে আমার মেজো বোনের ছেলে আলাউদ্দিনে বিয়ে হয় দেড় বছর আগে। এবার আলাউদ্দিন স্ত্রীকে নিতেই এসেছিল। তার আগেই ওরা না ফেরার দেশে চলে গেল। কেমন করে তাদের ভুলব।’ আইরিন সুলতানার বাবা আবুল হাশেম ও মা বিউটি আক্তারকে কেউ সান্ত্বনা দিতে পারছিলেন না। পরিবারের বড় মেয়েকে হারিয়ে তাঁরা পাগলপ্রায়। একই অবস্থা আলাউদ্দিনের বাবা-মায়েরও। আলাউদ্দিনের বিদ্যালয় জীবনের সহপাঠী গাজীউল হক ভূঁইয়া বলেন, ‘খুবই পরোপকারী ছিল আলাউদ্দিন।’