প্রবাসী প্রার্থীর ৫০ হাজার টাকা ছাড়া কিছুই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হতে যাচ্ছে ২৯ মার্চ। এ নির্বাচনে লিয়াকত আলী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে থাকছেন ২৮ বছর ধরে। পেশায় চিকিৎসক। নির্বাচন করতে তিন মাস আগে তিনি দেশে এসেছেন। কিন্তু তিনি হলফনামায় উল্লেখ করেছেন, তাঁর ৫০ হাজার টাকা ছাড়া কিছুই নেই।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান নির্বাচনে ২৫ লাখ টাকা খরচ করবেন। এর ২১ লাখই স্বেচ্ছায় অনুদানের টাকা বলে হলফনামায় তিনি উল্লেখ করেন। রিকশাচালক থেকে শুরু করে গরিব মানুষের গণ-অনুদানের তিন লাখ টাকা পাওয়ার কথাও হলফনামায় তুলে ধরেন।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবদুল মালেক চার প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী। তাঁর বছরে আয় ২২ লাখ ৬০ হাজার টাকা।
জাতীয় পার্টির (মঞ্জু) কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী এ এলাকার ভোটার না হয়েও ‘অতিথি’ প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেন। তবে এ প্রতিবেদককে মুঠোফোনে সাদেক সিদ্দিকী জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেছেন।
বিএনপি এ নির্বাচনে অংশ নেয়নি। এ ছাড়া কাদের সিদ্দিকী মনোনয়নপত্র বাতিল হয় ঋণ খেলাপের কারণে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লিয়াকত মনোনয়নপত্রের সঙ্গে থাকা ফরম ২০-এ নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎস, ফরম ২১-এ সম্পদ ও দায় এবং বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী কোনোটিই পূরণ করেননি। এ ছাড়া ওই ফরমে স্বাক্ষরও করেননি। এভাবে মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকার পরও কীভাবে তাঁর মনোনয়ন বৈধ হলো, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। অথচ আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবু সাঈদের হলফনামায় স্বাক্ষর না থাকায় প্রথমে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করে। পরে উচ্চ আদালত থেকে রায় নিয়ে আবু সাঈদ নির্বাচনের প্রচারণা শুরু করেন। কিন্তু কমিশন আপিল করলে আবু সাঈদের মনোনয়নপত্র বাতিল করেন চেম্বার জজ আদালত।
এ প্রসঙ্গে আবু সাঈদ বলেন, ‘সামান্য ভুল ছিল। কমিশন আমাকে ক্ষমা করে দিতে পারত। জয়ের পাল্লা যখন আমার দিকে ঝুঁকছিল, তখন উচ্চমহলের ইশারায় আমার মনোনয়ন বাতিল করা হয়। আরেক প্রার্থী স্বাক্ষরবিহীন সাদা ফরম জমা দিলেও মনোনয়ন বাতিল হয়নি।’
টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খোরশিদ আনোয়ার প্রথম আলোকে জানান, মনোয়নপত্র বাছাইয়ের দিন লিয়াকতকে দুটো ফরম পূরণ করে জমা দেওয়ার জন্য কয়েক ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। এরপর কী হয়েছে, তা কাগজপত্র না দেখে বলা যাবে না।
মাত্র ৫০ হাজার টাকা ছাড়া ‘কিছুই নেই’ উল্লেখ করা প্রসঙ্গে জানতে চাইলে লিয়াকত বলেন, ‘আসলে হলফনামায় ভুলবশত ৫০ হাজার লেখা হয়েছে। পাঁচ লাখ টাকা লিখতে চেয়েছিলাম। এ ছাড়া আমার সবকিছুই আমেরিকায়। বাংলাদেশে আমার তেমন কিছুই নেই। তাই হলফনামায় বেশির ভাগ স্থানে কিছুই নেই লিখেছি।’ অনুপম শাহজাহান বলেন, ‘সাধারণ ভোটাররা আমাকে স্বেচ্ছায় ১০০-২০০ টাকা দিচ্ছেন নির্বাচনী খরচ মেটানোর জন্য।’ তিনি অভিযোগ করেন, মালেক সাত বছর ধরে ৬০ লাখ টাকার প্রাডো গাড়ি চালালেও হলফনামায় তিনি গাড়িসহ আরও অনেক সম্পদের তথ্য গোপন করেছেন। এ প্রসঙ্গে মালেকের দাবি, ওই গাড়িটি আমার নয়, ‘নবোদয়’ হাউজিংয়ের নামে।
গত ২০ জানুয়ারি সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে এ আসন শূন্য হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।