প্রবাসী বলে বলীয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন সাতজন। এর মধ্যে ছয়জনই লন্ডন-প্রবাসী। তাই নির্বাচনকে ঘিরে প্রবাসীদের তৎপরতা এখন উল্লেখ করার মতো। অর্ধশতাধিক লন্ডন-প্রবাসী এখন নির্বাচনী মাঠে। আর নিজে প্রবাসী না হলেও অপর মেয়র পদপ্রার্থী আক্তারুজ্জানের সমর্থনে অনেক লন্ডনি দেশে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী হলেন, বর্তমান মেয়র ও মহাজোট-সমর্থিত আবদুল মনাফ, সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, শামীম আহমদ, আবদুল হান্নান, আনহার মিয়া, শাহ নূরুল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান।৬ নম্বর ওয়ার্ডের ভোটার রোমানুল হক বলেন, প্রবাসীরা এলাকার আর্থ-সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন, তাই নির্বাচনে তাঁদের অবজ্ঞা করা যায় না। প্রার্থীরা সবাই প্রবাসী বলে বলীয়ান। প্রয়াস সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক অরূপ সরকার বলেন, মেয়র পদে সব প্রার্থীর সমর্থনে প্রবাসীরা মাঠে রয়েছেন। তাঁদের অংশগ্রহণ দেখে মনে হচ্ছে লড়াইটা প্রবাসীদেরই। উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম আহ্বায়ক নূরুল হক বলেন, জগন্নাথপুরের প্রতিটি নির্বাচন প্রবাসীদের ওপর নির্ভর করে।নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেশে এসেছেন সাবেক ছাত্রনেতা আবুল কালাম। তিনি জানান, নির্বাচনে তাঁর কোনো নিকটাত্মীয় প্রার্থী না হলেও দেশে নির্বাচন রেখে সুদূর লন্ডনে থাকতে ভালো লাগছে না। তাই পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এসেছেন। লন্ডন-প্রবাসী বর্তমান মেয়র আবদুল মনাফ বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হয়ে পাঁচ বছরে পাঁচ মাসও প্রবাসে গিয়ে থাকিনি।’ আরেক লন্ডন-প্রবাসী মেয়র পদপ্রার্থী লুৎফুর রহমান বলেন, ‘প্রবাসী হলেও আমি মূলত অধিকাংশ সময়ই দেশে বসবাস করি। এলাকার মানুষের সুখ-দুঃখে আমি পাশে রয়েছি।’ প্রবাসী আনহার মিয়া ও শাহ নূরুল করিম বলেন, প্রবাসে থাকলেও এলাকার সার্বিক উন্নয়নে তাঁরা কাজ করছেন। একইভাবে প্রবাসী শামীম আহমদ ও আবদুল হান্নান লন্ডনের মতো উন্নত নাগরিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একমাত্র স্বদেশি প্রার্থী আক্তারুজ্জামান বলেন, ‘লন্ডনে আমার অনেক আত্মীয়স্বজন থাকলেও আমি কখনো আমার এলাকা ছেড়ে যাইনি। এলাকার মানুষের পাশে থেকে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি।’