প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থা ইনডিপেন্ডেন্ট কমিশন এগেইনস্ট করাপশনের (আইসিএসি) অনুরোধে প্রবাসী এক ব্যবসায়ীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে হংকংয়ে পর্যটন কোম্পানি খুলে ব্যবসার আড়ালে অর্থ পাচারের অভিযোগ এনেছে আইসিএসি।

দুদকের পদস্থ এক কর্মকর্তা জানান, দুদকের কাছে আসা চিঠিতে ওই ব্যক্তির শুধু পাসপোর্ট নম্বর উল্লেখ রয়েছে। ওই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য ছিল না। দুদকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বছরের অক্টোবরের প্রথম দিকে দুদকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পাসপোর্ট অফিসে ওই ব্যক্তির পাসপোর্ট নম্বর দিয়ে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠান। নভেম্বর মাসে পাসপোর্ট অফিস থেকে ওই ব্যক্তির নাম, পিতার নাম, জেলাসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে দুদক। তথ্য অনুযায়ী ওই ব্যবসায়ীর নাম সাইদুর রহমান ওরফে হাবিব এবং বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে উত্তরার একটি অ্যাপার্টমেন্টের। স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে সাভার পৌরসভার সোবহানবাগের জলেশ্বরীতলা।

প্রাথমিক অনুসন্ধান শেষে গতকাল সোমবার সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী। তাঁকে আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

সিটি ব্যাংকের ১৯ কর্মকর্তাকে তলব: বিভিন্ন ব্যাংক থেকে প্রায় এক হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য সিটি ব্যাংকের ১৯ কর্মকর্তাসহ ২০ জনকে তলব করেছে দুদক। উপপরিচালক জুলফিকার আলী গতকাল সোমবার তাঁদের তলব করে নোটিশ পাঠান।