প্রবাসী বাংলাদেশিরা বিস্ময় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন
নিউইয়র্কের আকাশ মেঘাচ্ছন্ন। বুধবার সকালবেলা শহর অনেকটাই ফাঁকা। শেষ রাত পর্যন্ত উত্তেজনা নিয়ে জেগে থাকা যুক্তরাষ্ট্রবাসী কাজে বের হচ্ছেন। জয়-পরাজয়ের আলোচনা চলছে সবখানে। বিলাপ প্রকাশ্যে। উল্লাসটা চাপা।
নিউইয়র্ক থেকে মহাসড়কে ১০০ মাইল গাড়ি চালিয়ে দেখা গেল, অনেকেই অবাক বিস্ময়ে দেখছেন ট্রাম্পের আমেরিকা।
হিলারির বিজয়ের প্রত্যাশায় শেষ ঘোষণা পর্যন্ত জেগে ছিলেন বাংলাদেশি-আমেরিকান আকবর। পেশায় দোকান কর্মচারী। চোখে-মুখে বেদনার ছাপ নিয়ে বললেন, যে দেশ কৃষ্ণাঙ্গ ওবামাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল, সে দেশের প্রেসিডেন্ট এখন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তাঁর বিজয়ী ভাষণে বলেছেন, তিনি গোটা আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু সংশয় নিয়ে কথা বললেন নিউজার্সির ইয়াসমিন হক। এই স্কুলশিক্ষিকা জানালেন, নিজের ১২ বছর বয়সী মেয়েকে হিলারির জন্য কাঁদতে দেখেছেন তিনি। স্কুলে নামিয়ে দেওয়ার সময় বলেছেন, ‘মা, আমি হয়তো দেখে যেতে পারব না, তুমি হয়তো একদিন দেখে যেতে পারবে আমেরিকার একজন নারী প্রেসিডেন্ট।’
হিলারি-সমর্থক তরুণদের অনেককেই ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে স্কুলে যেতে দেখা গেছে। বাংলাদেশি এলাকাগুলোতে দেখা গেছে হতাশার ছাপ। তাঁরা বিস্ময় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।
নিউজার্সির দক্ষিণের শহর টমস রিভারে গরম কফি নিয়ে স্বাগত জানালেন শ্বেতাঙ্গ বার্ট ভেলন্টানি। উষ্ণ করমর্দনের পর বললেন, ‘আমেরিকার মানুষ আবার প্রমাণ করেছে, তারা দলকানা নয়। ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকান দলের নিয়ন্ত্রণে ভোট দেয়নি, ভোট দিয়েছে নিজের ইচ্ছায়।’ তাঁর মতে, এতে করে মানুষের ইচ্ছার জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে।
বার্ট বলেন, ‘আব্রাহাম লিংকনের আমেরিকার গণতন্ত্রের সৌন্দর্য দেখে বিশ্ববাসী মুগ্ধ। আশা করি, ডোনাল্ড ট্রাম্প সে সৌন্দর্য ধরে রাখতে শেষ সম্বলটুকু দিয়ে চেষ্টা করবেন। আমেরিকা যখন একটি গোষ্ঠীর টার্গেটে পরিণত হচ্ছে, তখন ট্রাম্পের দরকার ছিল বলেই আমেরিকানরা তাঁকে নির্বাচিত করেছেন।’
বুধবার সকালে জেগে ওঠা সন্তানদের কীভাবে বলা হবে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন—এ নিয়ে হিলারির সমর্থকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে সংবাদমাধ্যমগুলোয়। বলা হচ্ছে, রাজনীতিটা অন্য যেকোনো খেলার জয়-পরাজয়ের মতো, এ কথাগুলো সন্তানদের বোঝাতে হবে। তাদের বলতে হবে, আদর্শ ও লড়াইয়ের সংগ্রামের জন্য তারা একা নয়, নিজেদের অধিকার এবং আদর্শের জন্য চলমান লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হয়।