প্রবাসী বিএনপির নেতার বাসায় চিরকুট, হত্যার আশঙ্কা

সুনামগঞ্জ থেকে নিখোঁজ যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমানের লন্ডনের বাসায় গত বৃহস্পতিবার একটি চিরকুট পাঠানো হয়েছে।
সেখানে মুজিবুর রহমানকে সিলেটের একটি বাসায় আটকে রাখা হয়েছে এবং প্রয়োজনে দু-এক দিনের মধ্যে তাঁকে হত্যা করা হতে পারে বলে জানানো হয়।
আজ শনিবার নিখোঁজ বিএনপির নেতা মুজিবুর রহমানের সুনামগঞ্জে বসবাসকারী শ্যালক আইনজীবী আনোয়ার হোসেন প্রথম আলোকে এসব কথা জানিয়েছেন। ই-মেইলের মাধ্যমে মুজিবুর রহমানের স্ত্রীর কাছ থেকে পাওয়া চিরকুটটি পুলিশকে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
৪ মে সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান এবং তাঁর গাড়িচালক রেজাউল হক ওরফে সুহেল নিখোঁজ হন। সাত দিনেও তাঁদের কোনো খোঁজ মেলেনি।
লন্ডনের বাসায় চিরকুট
বিএনপির নেতা মুজিবুর রহমানের সুনামগঞ্জে বসবাসকারী শ্যালক আইনজীবী আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মুজিবুর রহমানের লন্ডনের বাসায় লেটারবক্সে একটি চিরকুট পাঠানো হয়। মুজিবুর রহমানের লন্ডনপ্রবাসী স্ত্রী এটি হাতে পান। বাংলায় লেখা ওই চিরকুটে অনেক বানান ভুল ছিল। চিরকুটে বলা হয়, মুজিবুর রহমানকে চালকসহ সিলেটের একটি বাসায় আটকে রাখা হয়েছে। যারা আটকে রেখেছে, তারা তাঁকে অন্য আরেক পার্টির কাছে দিয়ে দেবে। কিন্তু তারা সেখান থেকে বের হতে পারছেন না। যদি ওই বাড়ি থেকে বের হওয়া সম্ভব না হয়, তা হলে দু-এক দিনের মধ্যে মুজিবুর রহমানকে হত্যা করা হতে পারে।

পুলিশের কাছে সন্দেহভাজন তিনজনের নাম
শ্যালক আইনজীবী আনোয়ার হোসেন জানান, লন্ডনে এক প্রবাসী ব্যক্তির সঙ্গে বিএনপির নেতা মুজিবুর রহমানের আর্থিক বিষয় নিয়ে সম্প্রতি ঝামেলা চলছিল। মাস খানেক আগে আর্থিক বিষয় নিয়ে ওই ঝামেলার কথা মুজিবুর রহমান তাঁর পরিবারকে জানিয়েছিলেন। তখন ওই প্রবাসীও দেশে ছিলেন। তাঁর বাড়ি সিলেটে। ১৫ দিন আগে তিনি লন্ডনে ফিরে গেছেন। তবে ওই প্রবাসী ব্যক্তির ভাগনে ও ভাতিজা সিলেটেই থাকেন। চিরকুট পাওয়ার পর ওই প্রবাসী ব্যক্তি, তাঁর ভাগনে ও ভাতিজার নাম পুলিশকে জানানো হয়েছে। আনোয়ার হোসেন বলেন, ‘এখন চিরকুট পাওয়ার পর আমাদের মনে হচ্ছে, ঘটনার মূল নায়ক লন্ডনে আছে।’
খোঁজ না পাওয়ায় বড় ভাইয়ের ভয়
সুনামগঞ্জ শহরের হাজিপাড়ার বাসায় মুজিবুর রহমানের বড় ভাই আবুল বাশার আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের দেশে-বিদেশে কোনো শত্রু আছে বলে জানা নেই। তিনি নিয়মিত দেশে আসা-যাওয়া করেন। এখনো তাঁর কোনো খোঁজ না পাওয়ায় আমাদের মনে নানা ভয় দেখা দিয়েছে।’
রাজনৈতিক কারণে গুমের দাবি জেলা বিএনপির
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাসিরউদ্দিন চৌধুরীর দাবি, মুজিবুর রহমান একজন নেহাত ভালো মানুষ। তাঁকে রাজনৈতিক কারণেই ‘গুম’ করা হয়েছে। তিনি বলেন, নিখোঁজ বিএনপির নেতা মুজিবুর রহমানকে সাত দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি। পুলিশ ব্যর্থ হয়েছে। মুজিবুর রহমানের সন্ধান দাবিতে জেলা বিএনপি নানা কর্মসূচি পালন করছে। আগামীকাল রোববার সুনামগঞ্জ জেলায় আধা বেলা হরতাল ডেকেছে দলটি। পরিবারের পক্ষ থেকে মুজিবুর রহমানকে উদ্ধারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।
কান্না থামছে না গাড়িচালক রেজাউলের বাসায়
শহরের উকিলপাড়ায় গাড়িচালক সুহেলের বাসায় স্বজনদের কান্না থামছে না। রেজাউল হকের স্ত্রী মিলা বেগম দুই শিশুকন্যাকে নিয়ে আহাজারি করছিলেন। ছেলেকে জীবিত ফেরত চান রেজাউল হকের বাবা ওয়াহিদুল হক। তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী কাছে আমার আকুল আবেদন, আমার ছেলেকে যেন আমি জীবিত ফেরত পাই।’ রেজাউলের মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী সুবর্ণার আকুতি, ‘আমার বাবাকে আপনারা জীবিত ফেরত দিন। আমি আর কিছু চাই না।’
কিডন্যাপিং মনে করছে না পুলিশ
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘আমাদের কাছে বিষয়টি কিডন্যাপিং মনে হচ্ছে না। তার পরও সম্ভাব্য সব কারণ বিবেচনায় রেখে গুরুত্ব সহকারে, আন্তরিকতার সঙ্গে তাঁদের উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি। তবে এখনো বলার মতো কোনো অগ্রগতি হয়নি।’
আরও জানতে পড়ুন
ছয় দিনেও সন্ধান মেলেনি প্রবাসী বিএনপি নেতার