প্রবাসী শ্রমিকেরা কেবল দিচ্ছেন, পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘আমরা প্রবাসী শ্রমিকদের কাছ থেকে কেবলই নিচ্ছি; সেই তুলনায় কিছুই দিতে পারছি না।’গতকাল মঙ্গলবার ‘বৈদেশিক কর্মসংস্থান: বিদেশে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে গওহর রিজভী এ কথা বলেন। প্রবাসী শ্রমিকদের তিনি ‘দেশের গর্ব’ বলে আখ্যা দেন।মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি (এমআইপিপি) ও বাংলাদেশ অভিবাসী ও মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা) রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে যৌথভাবে এই সভার আয়োজন করে।গওহর রিজভী বলেন, ‘একজন শিক্ষক বা চিকিৎসক যখন বিদেশে যান, সেখানকার ব্যাংকে তিনি একটি হিসাব খোলেন। বেশির ভাগ ক্ষেত্রে তিনি দেশে কোনো টাকা পাঠান না। কিন্তু প্রবাসী শ্রমিকেরা তাঁদের কষ্টার্জিত আয়ের সব টাকাই দেশে পাঠিয়ে দেন। কাজেই এই প্রবাসী শ্রমিকদের জন্য আমাদের অবশ্যই ভালো কিছু করতে হবে।’দূতাবাসগুলোয় প্রবাসী শ্রমিকদের হয়রানি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের কূটনীতি ৪০ বছরের পুরোনো। কীভাবে কাঁটাচামচ দিয়ে খেতে হবে, কোন হাতে গ্লাস ধরতে হবে—আমরা কেবল সেগুলোই চিন্তা করছি। এখন শ্রমিকবান্ধব কূটনীতি (লেবার ডিপ্লোম্যাসি) করার সময় এসেছে।’বিদেশে যাওয়ার আগে খোঁজখবর ও ভাবনা-চিন্তার পরামর্শ দেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হযরত আলী। তিনি বলেন, ‘ঝোঁকের মাথায় বিদেশে গেলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে।’হযরত আলী আরও বলেন, সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করার চেষ্টা করছে।এমআইপিপির যুগ্ম সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সম্পাদক প্রণব সাহা বলেন, সরকার বলছে অভিবাসন খাত এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে। তবে সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়ার মতো প্রতিষ্ঠিত শ্রমবাজারে এখন আগের চেয়ে অনেক কম লোক যাচ্ছে।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আরও নজর দেওয়ার আহ্বান জানান বমসার পরিচালক সুমাইয়া ইসলাম। তিনি বলেন, ‘প্রবাসীরা সবচেয়ে বেশি অর্থ পাঠান। কিন্তু এই মন্ত্রণালয়ের বরাদ্দ সবচেয়ে কম। শ্রমিকেরা দূতাবাসে গিয়ে ভোগান্তির শিকার হন। লেবাননে সবচেয়ে বেশি নারীশ্রমিক যাচ্ছেন। কিন্তু সেখানে কোনো দূতাবাস নেই।’জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার জ্যেষ্ঠ সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ভিসা কেনাবেচার কারণেই অভিবাসন খরচ বেড়ে যাচ্ছে। এ ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর কিছু করার থাকছে না।অনুষ্ঠানে ওমানফেরত নারীশ্রমিক লিপি এবং লেবাননফেরত সোনিয়া তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন।