প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জীবনমানের উন্নয়ন ও বহুমুখী কল্যাণ নিশ্চিত করতে প্রবাসীকল্যাণ বোর্ড আইন, ২০১৭ প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। বিদেশ গমনেচ্ছুক কর্মীদের শতভাগ বিমার আওতায় আনাসহ প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য আবাসিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী কর্মী ও তাঁদের পরিবার-পরিজনের সুচিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরির পরিকল্পনা আছে।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরের পুরাতন চাঁন্দগাও থানা ভবনের অদূরে বিএসসি চত্বরে চিটাগাং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
চিটাগাং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. মোহসিন চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীর এজহারুল হোসাইন, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন খান।
অনুষ্ঠানে মন্ত্রী নুরুল ইসলাম আরও বলেন, ‘শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নতি লাভ করবে। চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা বিস্তারে আমি ব্যক্তিগত উদ্যোগে ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছি। আজ আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান নতুনভাবে যাত্রা শুরু করেছে।’