প্রবাসীকল্যাণ ব্যাংক থেকেই পুরো খরচ দেওয়া হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে যাওয়ার জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক থেকেই পুরো খরচ দেওয়ার দাবি জানিয়েছেন বিদেশগামী কর্মীরা। এ ছাড়া অভিবাসনখরচ কমানো এবং এ ক্ষেত্রে সরকারি নীতি আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন তাঁরা।‘অভিবাসনখরচ নিয়ন্ত্রণে সরকার ও প্রবাসীকল্যাণ ব্যাংকের ভূমিকা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএফের চেয়ারম্যান জয়নাল আবেদীন। এ ছাড়া বিদেশফেরত ও বিদেশ গমনেচ্ছু কর্মীদের মধ্যে আহম্মেদ, রহিদুল, মোশারফ, বাবু প্রমুখ বক্তব্য দেন।লিখিত বক্তব্যে বলা হয়, প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার মধ্যে প্রবাসীকল্যাণ ব্যাংক অন্যতম। বিদেশগামীদের খরচ জোগানো ও বিদেশফেরতদের দেশে পুনর্বাসনের জন্য ঋণ দেওয়ার উদ্দেশ্যেই এ ব্যাংক করা হয়েছিল। কিন্তু এই ব্যাংক অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারছে না। কারণ, মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য এই ব্যাংক থেকে মাত্র ৮৪ হাজার টাকা এবং ইউরোপে যাওয়ার জন্য এক লাখ ২০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। কিন্তু একজন কর্মীর বিদেশে যেতে এর চেয়ে তিন থেকে চার গুণ টাকা লাগে। ফলে প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ নিলেও আগের মতোই জমিজমা বিক্রি কিংবা অতিরিক্ত সুদে ঋণ নিতে হচ্ছে। এ সমস্যা সমাধানে হয় অভিবাসনখরচ নিয়ন্ত্রণ করা উচিত, নয়তো পুরো টাকাই ঋণ দেওয়া উচিত।সংবাদ সম্মেলনে বলা হয়, কতিপয় অসাধু রিক্রুটিং এজেন্সি ও কিছু অসাধু নিয়োগকর্তার ভিসা ক্রয়-বিক্রয়ের প্রতিযোগিতার কারণেই অভিবাসনখরচ বাড়ছে। অভিবাসনখরচ নির্ধারণের জন্য সরকারি উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করেছে। কিন্তু এই কমিটি এখনো খরচ ঠিক করতে পারেনি। আর এজেন্সিগুলো অতিরিক্ত টাকা নিলেও জরিমানা ছাড়া কোনো শাস্তি দেওয়া হয় না। তাই ‘অভিবাসন অধ্যাদেশ-১৯৮২’ সংশোধন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।প্রবাসীকল্যাণ ব্যাংকের কর্মকর্তা-কর্মী নিয়োগে প্রবাসীদের জন্য ২০ শতাংশ কোটা বরাদ্দ রাখা, সরকারিভাবে বিদেশে লোক পাঠানো ও বিদেশফেরতদের পুনর্বাসনে ঋণ পাওয়া সহজ করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।