প্রবাসীকল্যাণ সচিবকে তলব হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায় বাস্তবায়ন না হওয়ায় প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। 

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাহ উদ্দিন। আর সচিবের পক্ষে ছিলেন আইনজীবী এম কে মাহমুদ। 

আইনজীবী সূত্রে জানা যায়, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৭ এপ্রিল হাইকোর্ট রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালের পাঁচটি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পের ৭৭ জন কর্মকর্তা-কর্মচারীকে রাজস্ব খাতে আত্তীকরণের নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত বছরের ১ আগস্ট আপিল বিভাগ রিট আবেদনকারীদের প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে নিজ পদে বা সমমানের পদে আত্তীকরণের নির্দেশনাসহ আবেদন নিষ্পত্তি করে দেন।

এরপরও রায় বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে রিট আবেদনকারীদের পক্ষে ১১ জন আদালত অবমাননার আবেদন করেন। শুনানি নিয়ে ৪ মার্চ একই বেঞ্চ আদালত অবমাননার রুল দেন। কিন্তু এরপরও রায় বাস্তবায়ন না হওয়ায় ওই সচিবকে ব্যক্তিগত হাজিরার নির্দেশনা চেয়ে আবেদনকারীরা একটি আবেদন করেন। শুনানি নিয়ে আজ আদালত আদেশ দেন।