প্রবাসীকল্যাণমন্ত্রীর সাবেক এপিএসের বাবা কারাগারে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের অব্যাহতিপ্রাপ্ত সহকারী একান্ত সচিব (এপিএস) সত্যজিৎ মুখার্জির বাবা মানস মুখার্জিকে (৭৫) চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার পুলিশ তাঁকে হাজতে পাঠায়। এর আগে গত মঙ্গলবার বিকেলে শহরের হাউজিং এস্টেটের বাড়ি থেকে মানস মুখার্জিকে পুলিশ আটক করে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, গত মার্চ মাসে সত্যজিৎ শহরের ব্যবসায়ী সেলিম হাসানের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় তাঁর বাবা মানস মুখার্জি টাকাগুলো গুনে নেন। এ ব্যাপারে সেলিম হাসান গত মঙ্গলবার বিকেলে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে মানস মুখার্জিকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
১৬ এপ্রিল অনিয়মসহ বিভিন্ন অভিযোগে প্রবাসীকল্যাণ মন্ত্রীর এপিএস পদ থেকে সত্যজিৎ মুখার্জিকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাঁকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হয়। এর পরে গত ২৩ এপ্রিল পর্যন্ত সত্যজিৎ মুখার্জীর বিরুদ্ধে ঢাকার পল্টন থানা ও ফরিদপুর কোতোয়ালি থানায় মোট নয়টি চাঁদাবাজির মামলা হয়। সত্যজিৎ বর্তমানে পলাতক।