প্রবাসীকে আটক করে মারধর, মাদক ও জাল টাকার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে শামীম শিকদার নামের প্রবাসী এক যুবককে আটক করেছে র্যাব। ওই যুবক শরীয়তপুর পৌরসভার তুলাসার এলাকার খালেক শিকদারের ছেলে। তিনি ১৫ বছর ধরে স্পেনপ্রবাসী।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, র্যাব সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটির সূত্র ধরে ওই যুবককে আটক করে মারধর করা হয়েছে। এরপর ইয়াবা ও জাল টাকা রাখা এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে ওই যুবকের বিরুদ্ধে শরীয়তপুর সদরের পালং মডেল থানায় মামলা করেছে র্যাব।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুর শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে মোটরসাইকেল দিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেন সাদাপোশাকে থাকা র্যাব সদস্যরা। এ সময় মোটরসাইকেলের চালক মুঠোফোনে কথা বলছিলেন। ইজিবাইকের যাত্রী শরীয়তপুর জজ কোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) পারভেজ রহমান ও স্থানীয় কয়েক যুবক ঘটনার প্রতিবাদ করেন। এর জের ধরে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে শহরের রাজগঞ্জ ব্রিজ এলাকা থেকে র্যাব পরিচয়ে ৮ থেকে ১০ জন লোক শামীম শিকদার নামের এক যুবককে মারধর করে তুলে নিয়ে যায়। রাত ১০টা পর্যন্ত তাঁর পরিবারের সদস্য, স্থানীয় থানা ও গণমাধ্যমকর্মীরা মাদারীপুর র্যাব ক্যাম্পে যোগাযোগ করলেও তাঁকে আটকের বিষয়টি স্বীকার করেনি র্যাব কর্তৃপক্ষ। ওই এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে র্যাব সদস্যরা শামীমকে তুলে নিয়েছেন বলে নিশ্চিত হন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এরপর বিষয়টি মাদারীপুর র্যাব ক্যাম্পে জানানোর কিছুক্ষণ পরে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে র্যাব জানায়, শামীম শিকদারকে ইয়াবা, জাল টাকাসহ আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার র্যাব-৮-এর উপসহকারী পরিচালক শহীদুল ইসলাম বাদী হয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানায় শামীম শিকদারকে আসামি করে একটি মামলা করেন।
শামীমের মা সালেহা বেগম বলেন, ‘১৫ বছর ধরে আমার ছেলে স্পেন থাকে। তাকে অহেতুক র্যাব সদস্যরা ধরে নিয়ে অমানবিক অত্যাচার করে মিথ্যা মামলা দিয়েছে। আমি মিথ্যা মামলার বিচার চাই।’
এপিপি পারভেজ রহমান বলেন, ‘বিকেল চারটার দিকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি যাচ্ছিলেন। এর চালক মুঠোফোনে কথা বলছিলেন। এ অবস্থায় তাঁরা একটি ইজিবাইককে ধাক্কা দেন। আমরা বিষয়টির প্রতিবাদ করি। তখন সেখানে উপস্থিত শামীম শিকদার প্রতিবাদ করেন। রাত ৮টার দিকে খবর পাই, র্যাব পরিচয়ে শামীমকে তুলে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমি থানায় ছুটে আসি, র্যাব ক্যাম্পে যোগাযোগ করি। রাত ১০টা পর্যন্ত কেউ শামীমের সন্ধান দিতে পারেননি। তখন আমি রাত ৯টার দিকে পালং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।’
গতকাল শুক্রবার সকালে থানায় বসে শামীম শিকদার বলেন, ‘আমি ১৫ বছর ধরে স্পেনে আছি। ৬ ডিসেম্বর দেশে আসি। দুই মাস পর ফিরে যাওয়ার কথা। র্যাবের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে আমাকে আটক করে মারধর করা হয়েছে। রাতে ক্যাম্পে নিয়ে আমার চোখ বেঁধে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। ইয়াবা ও জাল টাকা দিয়ে এখন আমাকে মামলায় ফাঁসানো হয়েছে।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, শুক্রবার সকালে র্যাব এক যুবককে থানায় নিয়ে আসে। তাঁর সঙ্গে ১০০টি ইয়াবা ও ১০ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগের একটি এজাহার দিয়েছে। শামীম শিকদারের বিরুদ্ধে মাদক বা অন্য কোনো মামলা এ থানায় নেই।
র্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের পরিচালক মেজর সোহেল রানা বলেন, শামীম নামের ওই যুবক মাদকাসক্ত ছিলেন। তিনি দায়িত্ব পালনরত অবস্থায় র্যাব সদস্যদের ওপর হামলা চালান। তাতে একজন সদস্য আহত হয়েছেন। তাঁকে আটক করে ক্যাম্পে আনা হলে তাঁর প্যান্টের পকেটে ১০০টি ইয়াবা ও ১০ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। তাঁকে কোনো ধরনের নির্যাতন চালানো হয়নি।