প্রবাসীকে কুপিয়ে অর্থ, স্বর্ণালংকার ছিনতাই
মিরসরাইয়ের বারইয়ারহাটে প্রবাসীকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের ইসলাম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওই প্রবাসীর সঙ্গে থাকা এক প্রতিবেশীও আহত হন। আহত ব্যক্তিরা হলেন হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের ফকির আহমঞ্চদের দুবাইপ্রবাসী ছেলে মহিউদ্দিন (২৪) ও একই গ্রামের কালা মিয়া (২২)। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান।
মহিউদ্দিনের বড় ভাই সিরাজউদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় মহিউদ্দিন ও তাঁর বন্ধু বারইয়ারহাট পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় বিয়ের জন্য আসবাব ও স্বর্ণালংকার কিনতে যান।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ ৯০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও এক ভরি আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাঁকে (মহিউদ্দিন) উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান।
এ সময় তাঁর সঙ্গে থাকা বন্ধু কালা মিয়াও আহত হন। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।’