প্রবাসীকে শিক্ষক দেখিয়ে বেতন উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার নয়া ভাইজোড়া বিএন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি বিজ্ঞান বিভাগের শিক্ষক শাহাদৎ হোসেন এমপিওভুক্তির আগেই বিদেশে পাড়ি জমিয়েছেন। কিন্তু তাঁকে নিয়মিত শিক্ষক হিসেবে এমপিওভুক্ত করিয়ে প্রতি মাসে বেতনের টাকা তুলছেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। স্থানীয় বাসিন্দা লিটন মিয়া এ বিষয়ে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগে অভিযোগ দেন। শিক্ষা বিভাগ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১১ সালের ৯ মার্চ শাহাদৎ হোসেন বিদ্যালয়ের যোগ দেন। তিন দিন পরই তিনি জীবিকার তাগিদে সৌদি আরব চলে যান। কিন্তু প্রধান শিক্ষক বিষয়টি গোপন রেখে শাহাদৎ হোসেনকে বিদ্যালয়ে নিয়মিত দেখিয়ে ১ মে ২০১১ থেকে এমপিওভুক্ত করান ও তাঁর নামে বেতন-ভাতা বাবদ প্রতি মাসে ১১ হাজার টাকা করে উত্তোলন করে চলছেন।শাহাদৎ হোসেনের সৌদি আরবে যাওয়া ও এখন পর্যন্ত সেখানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন বড়বগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল ফরাজী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেয়ে তদন্ত করে জালিয়াতি ও অর্থ উত্তোলনের প্রমাণ মিলেছে। প্রধান শিক্ষক ইতিমধ্যে তিন মাসের বেতন বাবদ ৩৪ হাজার টাকা উত্তোলন করেছেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এখনো অনুসন্ধান চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘শাহাদৎ হোসেন আমার বিদ্যালয়ের শিক্ষক। তিনি সৌদি আরব থাকেন কি না, বলতে পারব না।’ তিনি আর কোনো কথা বলতে রাজি হননি। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান খান বলেন, বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ার আগে শাহাদৎ ছুটি নিয়েছেন। প্রধান শিক্ষক বিদ্যালয়ের কাগজপত্র নিয়ে এলে আমি সরল বিশ্বাসে স্বাক্ষর করে দিই।