প্রবাসীদের কল্যাণে দূতাবাসগুলোয় জনবল বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে বিদেশে হাইকমিশন ও দূতাবাসগুলোতে কর্মকর্তার সংখ্যা বাড়ানো এবং কল্যাণ তহবিল রাখার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। এ পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে প্রবাসীদের যেকোনো সমস্যা দ্রুততার সঙ্গে সমাধান করা সম্ভব হবে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সভায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ইমাজ উদ্দিন প্রামাণিক, মোস্তফা ফারুক মোহাম্মদ ও নাজমা আকতার উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ১৯৮২ সালে ছয় লাখ প্রবাসীর জন্য সরকারের যে জনবল-কাঠামো ছিল, এখনো তা-ই আছে। অথচ গত ২৯ বছরে প্রবাসী শ্রমিককের সংখ্যা বেড়ে ৭০ লাখে দাঁড়িয়েছে। দূতাবাসগুলোতে জনবল না বাড়ায় প্রবাসীদের যথাযথ সেবা দেওয়া নিশ্চিত হচ্ছে না। দূতাবাসগুলোর কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়। সভায় বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোর জন্য পর্যায়ক্রমে জমি কিনে ভবন নির্মাণের সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, শ্রমিকসহ প্রবাসী সব বাংলাদেশির প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ জন্য বাংলাদেশি দূতাবাসগুলোতে জনবল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।