সিলেট সদর উপজেলার পাঁচ প্রার্থীর তিনজনই প্রবাসী আত্মীয়স্বজনের দানের টাকায় নির্বাচনী ব্যয় সামলাবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীও দেশে অবস্থানরত দুই ভাইয়ের কাছ থেকে দান পেয়েছেন। তবে বিএনপি-সমর্থিত আবুল কাহের শামীমের ‘ফরম-ড’ সংক্রান্ত হলফনামার অংশটুকু স্থানীয় নির্বাচন কমিশন সরবরাহ না করায় তাঁর নির্বাচনী ব্যয়ের তথ্য সম্পর্কে জানা যায়নি।
বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী শাহ জামাল সাত লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে দান হিসেবে পাঁচ লাখ এবং নিজ ব্যবসা থেকে প্রাপ্ত দুই লাখ টাকা রয়েছে। স্বতন্ত্র প্রার্থী শেখ মকবুল হোসেন নির্বাচনী ব্যয় ধরেছেন পাঁচ লাখ ১০ হাজার টাকা। এর মধ্যে প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে দান হিসেবে পাবেন সাড়ে চার লাখ এবং নিজের আয় থেকে নেবেন ৬০ হাজার টাকা। জামায়াত-সমর্থিত জালাল আহমদ নির্বাচনে চার লাখ টাকা খরচ করবেন। এর মধ্যে প্রবাসী ভাইয়ের কাছ থেকে দান হিসেবে তিন লাখ এবং নিজের ব্যবসা থেকে এক লাখ টাকা নেবেন। আওয়ামী লীগ-সমর্থিত আশফাক আহমদ নির্বাচনে পাঁচ লাখ টাকা খরচ করবেন। এর মধ্যে নিজের ব্যবসা থেকে তিন লাখ এবং দুই ভাইয়ের কাছ থেকে দান হিসেবে দুই লাখ টাকা পাবেন।
এ ব্যাপারে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রার্থীরা বিভিন্ন উৎস থেকে টাকা পেয়েছেন। তবে সদর উপজেলায় ভোটারদের আনুপাতিক হারে একজন চেয়ারম্যান প্রার্থী সাত লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না।’
সম্পদ থাকলেও শিক্ষা কম: সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর দুজনই ‘স্বশিক্ষিত’। প্রার্থীদের হলফনামা ঘেঁটে দেখা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত আশফাক আহমদ শিক্ষাগত যোগ্যতার কোঠায় লিখেছেন ‘এসএসসি’। পেশায় অংশীদারি ব্যবসায়ী। তাঁর বার্ষিক আয় ২০ লাখ ১৭ হাজার ৮৮ টাকা। তাঁর ৬৭ লাখ ৮১ হাজার ২৩৯ টাকার সম্পদ রয়েছে। দায় এক লাখ নয় হাজার ৮৫০ টাকা। বিএনপি-সমর্থিত আবুল কাহের শামীম স্নাতক পাস। তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে একটি বিচারাধীন। একটি থেকে খালাস পেয়েছেন। অপরটি নিষ্পত্তি হয়েছে। তাঁর আয় চার লাখ ৪০ হাজার টাকা। ৭৮ লাখ ১৫ হাজার ৯২৭ টাকার সম্পদ রয়েছে। তবে তাঁর দেনা রয়েছে এক কোটি ৩৭ লাখ ৪৪৮ টাকা।
বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী শাহ জামাল হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষিত’ উল্লেখ করেছেন। পেশায় ব্যবসায়ী জামালের বার্ষিক আয় দুই লাখ ৯৫ হাজার টাকা। তাঁর ৬৮ লাখ ২৫ হাজার ৩৮১ টাকার সম্পদ রয়েছে। জামায়াত-সমর্থিত প্রার্থী ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জালাল আহমদ স্নাতক (সম্মান) পাস। পেশায় ব্যবসায়ী জালালের বিরুদ্ধে ১০টি মামলা বিচারাধীন ও তদান্তাধীন অবস্থায় রয়েছে। তাঁর আয় এক লাখ ৫৬ হাজার টাকা। দুই লাখ ৬০ হাজার টাকার সম্পদ রয়েছে।