প্রবাসীদের নিয়ে বৈঠকে বসছেন মজীনা
নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে বৈঠকে বসছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী দুজন সদস্যসহ ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আগামী শনিবার কুইন্সের এলমাহার্স্টে টাউন হলে এ সভা হবে।
মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের অন্যতম প্রতিষ্ঠাতা জোসেফ ক্রাউলি এবং নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস উওম্যান গ্রেস ম্যাংগ প্রবাসীদের নিয়ে অনুষ্ঠেয় এ সভায় যোগ দেবেন বলে জানানো হয়।
মার্কিন কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির সদস্য গ্রেস ম্যাংগের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ এখন একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক সম্পর্কসহ অন্যান্য বিষয় নিয়ে এ সভায় আলোচনা করা হবে।
রাষ্ট্রদূত মজীনা ও কংগ্রেস সদস্যদের বক্তৃতা ছাড়াও সভায় প্রশ্নোত্তর পর্ব সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
রাষ্ট্রদূত মজীন নিউইয়র্কে যাচ্ছেন। শনিবারের টাউন হল সভা ছাড়াও পরদিন রোববার প্রবাসীদের বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।