প্রবাসীদের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল হোন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশেষ করে বিদেশে বাংলাদেশ মিশনের কর্মরত প্রবাসীদের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ আহ্বান জানান। এ সময় তাদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, ৮০ থেকে ৯০ লাখ বাংলাদেশি বিদেশে রয়েছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অর্থনীতিতে প্রবাসীদের অবদান অবহেলিত হওয়া উচিত নয়। কূটনীতিকদের প্রবাসীদের সমস্যার কথা ধৈর্যসহকারে শুনতে হবে এবং সমাধান করতে হবে। প্রবাসীদের সমস্যার সমাধানে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো পরিদর্শন করতে হবে।

যথাযথ অভিবাসন কাগজপত্রের অভাবে প্রবাসীরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন, এ জন্য মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রক্রিয়া দ্রুত করতে কর্মকর্তাদের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, পাসপোর্টধারীদের যাচাইয়ের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার জনশক্তি রপ্তানির জন্য স্বচ্ছ ব্যবস্থা প্রবর্তনের পদক্ষেপ নিয়েছে। স্মার্ট কার্ড চালু করা হয়েছে, যা একজন ব্যক্তি সম্পর্কে সব তথ্যের জোগান দেবে। প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে কেউ যেন বিদেশে যেতে না পারে, সে পদক্ষেপও নেওয়া হয়েছে। এখন প্রবাসীদের প্রয়োজন দূতাবাসে কর্মরতদের পক্ষ থেকে ভালো ব্যবহার।

প্রধানমন্ত্রী বিদেশে বাংলাদেশ মিশনে থাকা কর্মকর্তাদের দেশের বিরুদ্ধে দুষ্টচক্রের অপপ্রচারের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের সঙ্গে ব্যবসা বৃদ্ধি, বাণিজ্যের নতুন সুযোগ খুঁজে বের করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্টের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করারও কথা বলেন।