প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানালেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি গত শনিবার সন্ধ্যায় লন্ডনে ক্যানসিংটন হলে প্রবাসী বাঙালিদের দেওয়া এক সংবর্ধনা সভায় এ আহ্বান জানান। তিনি জানান, সরকার প্রবাসীদের ভোটার করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। রাষ্ট্রপতি ব্রিটিশ কমন্স সভার নবনির্বাচিত এমপি রুশনারা আলী ও বঙ্গবন্ধুর দৌহিত্রী রেজোয়ান সিদ্দিক টিউলিপ কাউন্সিলর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদুর রহমান খান। সভাপতিত্ব করেন নাগরিক সংবর্ধনা কমিটির চেয়ারম্যান বর্ষীয়ান সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: এদিকে গতকাল রোববার সকালে রাষ্ট্রপতি ব্রিটেনের গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তাঁর হোটেলে মতবিনিময় করেন। কাল মঙ্গলবার রাষ্ট্রপতির দেশে ফেরার কথা।