নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, ‘প্রবাসীদের ভোটাধিকার দাবির বাস্তবায়ন একটি বড় কাজ ছিল। এ দাবির প্রতি আন্তরিক হয়ে প্রবাসীদের ভোটাধিকার-প্রক্রিয়া নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। প্রবাসীদের কেবল ভোটাধিকার দিলে হবে না, যথাযথভাবে প্রয়োগ করার বিষয়টিও নিশ্চিত করতে হবে। তাই আগামী যেকোনো নির্বাচনে প্রবাসীরা যাতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, নির্বাচন কমিশন এখন সেই কাজটি সম্পন্ন করছে।’ গতকাল শুক্রবার সিলেটে সদর উপজেলার সার্ভার স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নির্বাচন কমিশনার এ কথা বলেন। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, ‘জাতীয় পরিচয়পত্রের ত্রুটি-বিচ্যুতি সংশোধন করতে এখন ঢাকায় যেতে হয়। সার্ভার স্টেশন হলে এখানেই সংশোধন হবে। বাংলদেশের জেলা সদরের ৫৪টি এবং উপজেলায় ৫০২টি স্থানে সার্ভার স্টেশন হচ্ছে। এ ছাড়া ১০টি আঞ্চলিক সার্ভার স্টেশন নির্মাণ পরিকল্পনায় সিলেটেও একটি হবে।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সামছুল আলম।